
সোনারপুর, ২৬ জুলাই (হি. স.): কলকাতায় ছাত্র আন্দোলনের নামে বিশৃঙ্খলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিকে বিকৃত করে তাঁকে অপমান করা হয়েছে। এই কাজে জনৈক অভিনেত্রী শ্রীলেখা মিত্র সরাসরি জড়িত। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রীর ছবিকে বিকৃত করে প্রচার করছেন শ্রীলেখা এমন ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। আর এরপরেই নড়েচড়ে বসেছে বিজেপি। বাম মতাদর্শে বিশ্বাসী এই অভিনেত্রীর বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। রবিবার বিকেলে সেই তালিকায় জুড়ল সোনারপুরের নাম। বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে শ্রীলেখা মিত্রের নামে লিখিত অভিযোগ দায়ের করা হল সোনারপুর থানায়। অভিনেত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।
শুধু সোনারপুর নয়, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানাতেও এদিন বিকেলে শ্রীলেখার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে অপমান করার জন্য।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা