
সুরাট, ২৬ জুলাই (হি.স.): দক্ষিণ গুজরাটে প্রবল বৃষ্টির জেরে নবসারি ও ভালসাড-সহ একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহু বাড়িতে জল ঢুকে গৃহস্থালির সামগ্রী ও মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে বন্যাদুর্গতদের সাহায্যে বড়সড় ত্রাণ অভিযান শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গুজরাট বিজেপির রাজ্য সভাপতি জগদীশ বিশ্বকর্মা সুরাটের উধনা এলাকার বিজেপি কার্যালয় থেকে খাদ্যশস্য ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বোঝাই যানবাহন নবসারি ও ভালসাডের উদ্দেশে রওনা করান।
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক প্রশান্ত কোরাট রবিবার জানান, শনিবার রাতে চারটি ত্রাণসামগ্রী বোঝাই গাড়ি বন্যাদুর্গত এলাকার উদ্দেশে পাঠানো হয়েছিল। রবিবার আরও তিনটি গাড়ি রওনা করা হয়েছে। তিনি জানান, রাজ্য সভাপতি জগদীশ বিশ্বকর্মা দক্ষিণ গুজরাটে দু’দিনের সফরে রয়েছেন। সফরে তিনি উমরগাঁও, পারডি, ভাপি, ভালসাড ও নবসারি-সহ বন্যাদুর্গত এলাকাগুলি পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং ত্রাণকাজে যুক্ত দলীয় কর্মীদের উৎসাহিত করেন।
১৫ হাজার রেশন কিট ও ৫ হাজার কম্বল বিতরণের উদ্যোগ
বিজেপির তরফে সুরাট মহানগর থেকে ১৫ হাজার রেশন কিট প্রস্তুতের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রতিটি ১৫ কেজির কিটে রান্নাঘরের প্রয়োজনীয় সামগ্রী রাখা হয়েছে। ইতিমধ্যে ৩ হাজার ৫০০টি রেশন কিট প্রস্তুত করে পাঠানো হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫০০টি ভালসাড এবং ১ হাজার ১০০টি নবসারির জন্য পাঠানো হয়েছে।
এছাড়াও দুই জেলার জন্য ৫ হাজার কম্বল, ত্রিপল ও পোশাক পাঠানো হচ্ছে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি বৃষ্টি ও ঠান্ডা থেকে কিছুটা স্বস্তি পায়।
বন্যায় বহু শিশুর বই, খাতা ও অন্যান্য শিক্ষাসামগ্রী নষ্ট হয়েছে। বিষয়টি মাথায় রেখে পড়ুয়াদের জন্য বিশেষ স্টুডেন্ট কিটও প্রস্তুত করেছে বিজেপি। নোটবুক, খাতা ও অন্যান্য শিক্ষাসামগ্রী থাকা এই কিট নবসারি ও ভালসাডে পাঠানো হচ্ছে, যাতে বন্যার কারণে শিশুদের পড়াশোনা ব্যাহত না হয়।
ত্রাণশিবিরে গরম খাবারের ব্যবস্থা
যেসব এলাকায় মানুষের ঘরের সামগ্রী ভেসে গিয়েছে বা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে, সেখানে বিজেপি কর্মীদের উদ্যোগে কমিউনিটি কিচেন চালু করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের দিনে দু’বার গরম খাবার দেওয়া হচ্ছে। বিজেপির তরফে জানানো হয়েছে, ‘সেবা হি সংগঠন’-এর সংকল্প নিয়ে দলের কর্মীরা দিন-রাত ত্রাণ ও সেবামূলক কাজে যুক্ত রয়েছেন।
এদিন রাজ্য সভাপতি জগদীশ বিশ্বকর্মার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক প্রশান্ত কোরাট, শহর সাধারণ সম্পাদক করসন গোন্ডালিয়া, দুর্গাপ্রসাদ পাণ্ডে, বিরল গিলিতওয়ালা-সহ বহু দলীয় কর্মী।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য