সবুজ ঢাল রক্ষায় একমঞ্চে সরকার, বিশ্ব ম্যানগ্রোভ দিবসে রায়চকে বিশেষ অনুষ্ঠান
রায়চক, ২৬ জুলাই (হি. স.): বিশ্ব ম্যানগ্রোভ দিবস উপলক্ষে রবিবার দক্ষিণ ২৪ পরগনার রায়চকের তাজ গঙ্গা কুটিরের রয়্যাল প্যাভিলিয়নে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করল রাজ্য পর্যটন দফতর। সুন্দরবনের ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণ, ব্লু কার্বন অর্থনীতির গুর
সবুজ ঢাল রক্ষায় একমঞ্চে সরকার, বিশ্ব ম্যানগ্রোভ দিবসে রায়চকে বিশেষ অনুষ্ঠান


রায়চক, ২৬ জুলাই (হি. স.): বিশ্ব ম্যানগ্রোভ দিবস উপলক্ষে রবিবার দক্ষিণ ২৪ পরগনার রায়চকের তাজ গঙ্গা কুটিরের রয়্যাল প্যাভিলিয়নে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করল রাজ্য পর্যটন দফতর। সুন্দরবনের ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণ, ব্লু কার্বন অর্থনীতির গুরুত্ব এবং পরিবেশবান্ধব পর্যটনের প্রসারের মাধ্যমে প্রকৃতি ও মানুষের সহাবস্থানের বার্তা তুলে ধরা হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, পর্যটন দফতরের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং সুন্দরবন উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর জানা। এছাড়াও পর্যটন দপ্তরের আধিকারিক, পরিবেশবিদ, গবেষক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ সুন্দরবনের বিভিন্ন এলাকার বাসিন্দারা অংশ নেন।

বক্তারা বলেন, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য শুধু একটি বনভূমি নয়, উপকূলীয় এলাকার মানুষের প্রাকৃতিক সুরক্ষাকবচ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় এই বন ঢালের মতো কাজ করে। একই সঙ্গে এটি অসংখ্য বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের নিরাপদ আবাসস্থল। তাই জলবায়ু পরিবর্তনের বর্তমান পরিস্থিতিতে ম্যানগ্রোভ সংরক্ষণ অত্যন্ত জরুরি।

পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, “পরিবেশ রক্ষা ও উন্নয়ন—দুটি লক্ষ্যকে সামনে রেখেই সরকার কাজ করছে। সুন্দরবনের পরিবেশের ভারসাম্য বজায় রেখে পর্যটনের বিকাশ ঘটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয়ের নতুন সুযোগ সৃষ্টি হয়।”

অনুষ্ঠানে ব্লু কার্বন অর্থনীতির গুরুত্বও তুলে ধরেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ম্যানগ্রোভ বন বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই বন সংরক্ষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অত্যন্ত প্রয়োজন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ম্যানগ্রোভ সংরক্ষণে বিশেষ অবদান রাখা কয়েকজন ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান। উপস্থিত অতিথিরা সুন্দরবনের সবুজ সম্পদ রক্ষায় সরকার ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande