
কলকাতা ২৬ জুলাই (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনার পৈলান হাটে আধুনিক স্বাস্থ্য পরিষেবার পরিসর বাড়াতে রবিবার এসএসআরএম ডায়াগনস্টিক-এর নতুন কেন্দ্রের উদ্বোধন হল পৈলান হাউজিং পার্কে। পৈলান গ্রুপ অব ইনস্টিটিউশন্স-এর সহযোগিতায় চালু হওয়া এই কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক, চিকিৎসক এবং সমাজের বিশিষ্টরা।
এদিন এই উপলক্ষে রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়। ১০০ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। আয়োজকদের দাবি, প্রায় ৮০০ জন রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। যার মধ্যে পৈলান গ্রুপের প্রায় ২০০ জন পড়ুয়াও ছিলেন।
আয়োজকদের বক্তব্য, ঠাকুরপুকুর থেকে আমতলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় পূর্ণাঙ্গ ডায়াগনস্টিক কেন্দ্রের অভাব দীর্ঘদিনের। নতুন এই কেন্দ্র চালু হওয়ায় উন্নত প্রযুক্তিতে রোগ নির্ণয়ের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শও মিলবে।
পৈলান গ্রুপের ভাইস চেয়ারপার্সন মুনমুন সাহা জানান, স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। রেজিস্ট্রার কুণাল চক্রবর্তীর কথায়, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি ও অপ্টোমেট্রি বিভাগের পড়ুয়াদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে এই উদ্যোগ সহায়ক হবে। এসএসআরএম ডায়াগনস্টিকের দাবি, ‘ডায়াগনোস, প্রিভেন্ট, কিওর’ এই দর্শনকে সামনে রেখে সাশ্রয়ী মূল্যে ও নির্ভুলভাবে স্বাস্থ্য পরিষেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত