
হুগলি, ২৬ জুলাই (হি.স.): সরকারি ত্রাণসামগ্রী লুট এবং তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন হুগলির আকনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল ঘোষ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শ্যামনগর এলাকা থেকে পোলবা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।
রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই নির্মল ঘোষের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ, তোলা আদায় এবং সরকারি ত্রাণসামগ্রী লুটের মতো বিভিন্ন অভিযোগ উঠছিল। অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই এলাকা ছেড়ে আত্মগোপন করেছিলেন অভিযুক্ত এই তৃণমূল নেতা তথা পঞ্চায়েতের উপপ্রধান। শনিবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, শ্যামনগরে একটি জায়গায় লুকিয়ে রয়েছেন তিনি। সেই খবরের ভিত্তিতেই পোলবা থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে নির্মল ঘোষকে গ্রেফতার করে। রবিবার তাঁকে আদালতে পেশ করা হবে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ