
গান্ধীনগর, ৯ জুলাই (হি.স.) : গুজরাটের গান্ধীনগরে আয়োজিত তিনদিনের ‘প্রবাস ৫.০’ এবং ‘ভারত প্রবাস অ্যাওয়ার্ডস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার যোগ দিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী এবং শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি এদিন এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন ও পরিষদীয় বিষয়ক মন্ত্রী শঙ্কর ঘোষও উপস্থিত ছিলেন। এছাড়া উত্তরাখণ্ড সরকারের পরিবহন মন্ত্রী প্রদীপ বাত্রা, গুজরাটের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী জিতুভাই ভাগানি, গুজরাটের প্রতিমন্ত্রী দর্শনাবেন ভাগেলা-সহ বিভিন্ন রাজ্যের বিশিষ্ট অতিথিরা এই উদ্বোধনী মঞ্চে শামিল হন।
আয়োজকদের দাবি, ‘প্রবাস ৫.০’-এর প্রথম ও প্রধান লক্ষ্য হল গণপরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন অংশীদারকে এক মঞ্চে এনে পরিবহন পরিষেবার সম্প্রসারণ, পরিকাঠামোর আধুনিকীকরণ এবং সর্বস্তরের মানুষের জন্য সহজলভ্য ও সমন্বিত যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা। বাস, মেট্রো, ট্যাক্সি এবং ‘লাস্ট মাইল’ সংযোগকে একত্রিত করে একটি বহুমাত্রিক পরিবহণ ব্যবস্থার বিকাশে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এর পাশাপাশি সরকার, পরিবহণ সংস্থা, স্টার্ট-আপ, প্রযুক্তি সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে একটি দক্ষ, অন্তর্ভুক্তিমূলক, পরিবেশ-সচেতন ও ভবিষ্যতমুখী গতিশীল পরিবহণ ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত