
মুম্বই ,৯ জুলাই (হি.স.): প্রাইম ভিডিও তাদের নতুন অরিজিনাল কমেডি-ড্রামা সিরিজ আদর্শ বাল বিদ্যালয়-এর বিশ্বব্যাপী প্রিমিয়ারের ঘোষণা করেছে। সাত পর্বের এই সিরিজটি ২৪ জুলাই থেকে ভারতসহ বিশ্বজুড়ে ২৪০টি দেশ ও অঞ্চলে হিন্দি এবং ইংরেজি সাবটাইটেল সহ স্ট্রিমিং হবে।
জানা গেছে, হিমাঙ্ক গৌর পরিচালিত এই সিরিজটি পোশম পা পিকচার্স-এর ব্যানারে বিশ্বপতি সরকার এবং সমীর সাক্সেনা প্রযোজনা করেছেন। সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কে. কে. মেনন এবং অর্চনা পুরান সিং, নবীন কস্তুরিয়া, দেবেন ভোজানি, অভিমন্যু সিং, প্রাচী শাহ এবং অন্যান্যরা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
গল্পটি একটি জরাজীর্ণ সরকারি স্কুল এবং তার বেপরোয়া অথচ ঝগড়াটে প্রধান শিক্ষক জ্ঞানেশ্বর ত্রিপাঠীকে (কে. কে. মেনন) কেন্দ্র করে আবর্তিত হয়েছে। কেমব্রিজে একটি সরকারি প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেওয়ার ইচ্ছা তাকে স্কুলটিকে ঢেলে সাজানোর এক অভিযানে নামিয়ে দেয়। সীমিত সম্পদ, দুষ্টু ছাত্রছাত্রী, অভিভাবকদের উদাসীনতা এবং প্রশাসনিক প্রতিবন্ধকতার মাঝে এই গল্পটি হাস্যরস ও আবেগের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরে।
প্রাইম ভিডিও ইন্ডিয়ার হেড অফ অরিজিনালস, নিখিল মাধোক বলেছেন যে, আদর্শ বাল বিদ্যালয় বিনোদন বজায় রেখে শিক্ষা ব্যবস্থার প্রতিবন্ধকতাগুলোকে হালকা মেজাজে উপস্থাপন করে। বিশ্বপতি সরকার এবং সমীর সাক্সেনা ব্যাখ্যা করেছেন যে, এই সিরিজটি সেইসব শিক্ষক ও ছাত্রছাত্রীদের গল্প, যারা সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও কখনও আশা ছাড়ে না। তাদের মতে, কে. কে. মেনন তার চিত্তাকর্ষক অভিনয়ের মাধ্যমে প্রধান শিক্ষকের চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন