
কৃষ্ণনগর, ৯ জুলাই (হি. স.) : গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় আধ কেজি হেরোইন, মাদক তৈরির কাঁচামাল এবং একটি মোটরসাইকেল-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল নদিয়ার কালীগঞ্জ থানার মীরাবাজার ফাঁড়ির পুলিশ। ধৃত ভুলোন শেখের বাড়ি কালীগঞ্জ থানার শিয়ালখোলা এলাকায়। বৃহস্পতিবার তাঁকে জেলা সদর কৃষ্ণনগরের বিশেষ এনডিপিএস আদালতে তোলা হয়। জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালত তরফেও ।
এদিকে, পুলিশ সূত্রের দাবি, বুধবার সন্ধ্যায় খবর আসে যে, হাজারপোতা হয়ে সেহেয়দরের রাস্তা ধরেই সোজা মুর্শিদাবাদের দিকে মোটরসাইকেলে মাদক পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে শিয়ালখোলা এলাকায় নাকা তল্লাশি শুরু করে পুলিশ বাহিনী। সন্দেহভাজন মোটরসাইকেলটি আটক করে তল্লাশিতে এরপর উদ্ধার হয়েছে - ৪৮৯ গ্রাম হেরোইন, ৪৩০ গ্রাম মাদকজাত পাউডার এবং ২ কেজি সোডিয়াম কার্বোনেট অ্যানহাইড্রাস। বাজেয়াপ্ত করা হয়েছে মোটরসাইকেলটিও।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া সামগ্রী কেবল মাদক পাচার নয়, মাদক প্রস্তুতের সঙ্গেও যুক্ত একটি বড় চক্রের ইঙ্গিত দিচ্ছে। ধৃতের সঙ্গে আর কারা জড়িত, মাদকের উৎস কোথায় এবং তা কোথায় পাচারের পরিকল্পনা ছিল, সেই সমস্ত দিকগুলো খতিয়ে দেখছে তদন্তকারীরা। গোটা চক্রের হদিস পেতে একাধিক সূত্র ধরে তদন্ত চালাচ্ছে কালীগঞ্জ থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত