
কলকাতা, ৯ জুলাই (হি. স.): রাজ্যে শিল্পে শান্তি ও সুস্থ কর্মপরিবেশ বজায় রাখতে এবং শ্রমিক ও মালিক - উভয় পক্ষের স্বার্থ সুরক্ষিত করতে শ্রম আইন পালনের ওপর জোর দিয়ে বিভিন্ন চটকল তথা পাটকল যৌথভাবে পরিদর্শন শুরু করেছে শ্রম দফতর। অতি সম্প্রতি এইচএমআইসি - এর সভাপতিত্বে, প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এই কার্যকর উদ্যোগ গ্রহ।
সেই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ব্যারাকপুরের ডেপুটি লেবার কমিশনারের (ডিএলসি) তত্ত্বাবধানে একটি যৌথ পরিদর্শক দল আগরপাড়া জুট মিলস লিমিটেড এবং শ্রী গৌরীশঙ্কর জুট মিলস লিমিটেডে অভিযান করে। যথাক্রমে কামারহাটি ও শ্যামনগরে অবস্থিত এই দুই পাটকলে প্রায় ৫ হাজার শ্রমিক কর্মরত। উল্লেখ্য, শ্রম কমিশনারেট, কারখানা পরিদর্শন দফতর, ইপিএফও এবং ইএসআইসি-র আধিকারিকেরা যৌথ পরিদর্শনকারী দলে ছিলেন।
পরিদর্শনের সময় শ্রমিকদের বকেয়া, আইন মেনে নথিপত্র সংরক্ষণ, কর্মক্ষেত্রে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং শ্রমিকদের আইনসিদ্ধ অধিকার রক্ষার বিষয়গুলি খতিয়ে দেখা হয়। এর পাশাপাশি, পাটকলের জন্য নির্ধারিত জমি বা পরিকাঠামোর অন্য কোনও ব্যবহার বা উন্নয়ন সংক্রান্ত তথ্যও সংগ্রহ করা হয়েছে।
বিশেষ শ্রম কমিশনার আশিস সরকারের নির্দেশে আগামী দিনেও রাজ্যের অন্যান্য পাটকলে এ ধরনের আকস্মিক যৌথ পরিদর্শন চলবে বলে শ্রম দফতর সূত্রের খবর।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত