
হাফলং (অসম ) ১০ আগস্ট (হি. স. ) : অসমের ডিমা হাছাও জেলায় সোমবার বেপরোয়া ও বিপজ্জনকভাবে চলা একটি ট্রাকের ধাক্কায় পৃথক পৃথক এলাকায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এইচআর ৫৬ সি ৭৬২৫ নম্বরের ট্রাকটি দিল্লি থেকে হারাংগাজাওয়ের দিকে যাওয়ার পথে লাংটিং এলাকায় দু’জনকে ধাক্কা দেয় বলে অভিযোগ। পরে মাইবাং এলাকায় তিন পড়ুয়াকে ধাক্কা মারে ট্রাকটি। চলন্ত অবস্থায় ট্রাকটি রাস্তার ধারে থাকা আরও কয়েকটি গাড়িতেও ধাক্কা মারে বলে জানা গেছে। আহত পাঁচজনের মধ্যে চারজনের আঘাত গুরুতর। তাঁদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ডিফু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দু’জনকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পর ডিমা হাছাও পুলিশ ট্রাকটির খোঁজে তল্লাশি শুরু করে। প্রায় ৯৪ কিলোমিটার পথ অতিক্রম করে এবং তিনটি থানা এলাকা পেরিয়ে যাওয়ার পর জাটিঙ্গায় ট্রাকটিকে আটক করা হয়। ট্রাকচালক গুলশানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে। বিশাখা দেব
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব