
কলকাতা, ১০ আগস্ট (হি. স.) : বাংলায় দেশভাগের ভয়াবহ প্রভাব স্মরণে রেখে আগামী ১৪ অগস্ট ‘দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস’ পালনের জন্য রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানিয়েছেন রাজ্যপাল আর এন রবি। রাজভবনের এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়গুলির অধীনস্থ কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকেও এই কর্মসূচিতে শামিল হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।
রাজ্যপালের আহ্বানে উল্লেখ করা হয়েছে, ওই দিন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের নিয়ে দেশভাগের ইতিহাস ও তার অভিঘাত সম্পর্কিত স্মরণ সভা ও আলোচনার আয়োজন করতে হবে। বিশেষ করে বাংলার ওপর দেশভাগের গভীর সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব তরুণ প্রজন্মের সামনে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজভবন থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দেশভাগের ফলে সবচেয়ে ভয়াবহ ক্ষতি সহ্য করতে হয়েছিল বাংলাকে। লক্ষ লক্ষ মানুষকে ভিটেমাটি ছেড়ে বাস্তুচ্যুত হতে হয়েছিল এবং জীবন-জীবিকা হারিয়ে এক দীর্ঘস্থায়ী সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছিল।
রাজ্যপাল জানান, এই স্মরণ দিবস পালনের মাধ্যমে তরুণ প্রজন্ম দেশের ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় ও তৎকালীন মানুষের অমানুষিক যন্ত্রণা সম্পর্কে অবগত হতে পারবে। একই সঙ্গে জাতীয় সংহতি রক্ষা এবং যেকোনো বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার বার্তা পৌঁছাবে নতুন প্রজন্মের কাছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত