
কলকাতা, ১০ আগস্ট (হি. স.) : কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কৃষক ও খেতমজুর সংগঠনগুলির যৌথ আহ্বানে আইন অমান্য ও জেল ভরো আন্দোলন হল হাওড়ায়। বামপন্থী বিভিন্ন গণসংগঠনের কর্মী-সমর্থকেরা হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সামনে জমায়েত হওয়ার পর মিছিল করে ডিএম বাংলোর দিকে রওনা দেন। সোমবার তবে হাওড়া কর্পোরেশনের সামনে পুলিশ লোহার ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়।
এদিন, মিছিল আটকে দেওয়াকে কেন্দ্র করে ব্যারিকেডের সামনে উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারীদের একাংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বলে অভিযোগ। যদিও পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
আন্দোলনকারীদের দাবি, জীবন-জীবিকার অধিকার, গণতন্ত্র, সমতা ও ন্যায়বিচার রক্ষার পাশাপাশি জনগণ ও জাতীয় স্বার্থবিরোধী কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদেই এই কর্মসূচি। শ্রমিক, কৃষক, খেতমজুর, বস্তিবাসী, ছাত্র, যুব ও মহিলা সংগঠনের কর্মীরা মোট ২০ দফা দাবিতে আইন অমান্য আন্দোলনে যোগদান করেন।
উল্লেখ্য, আন্দোলনকারীদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে শ্রম কোড বাতিল, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, খেতমজুরদের কাজের ব্যবস্থা, বস্তি উচ্ছেদ বন্ধ, নারী নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বেকারদের কর্মসংস্থান। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক দাবিতে সরব হন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত