
তারকেশ্বর, ১০ আগস্ট (হি.স.): তারকেশ্বরে এক স্থানীয় ব্যবসায়ীকে মারধর ও তোলাবাজির গুরুতর অভিযোগকে কেন্দ্র করে এবার অত্যন্ত কঠোর ও রণংদেহি মেজাজে দেখা গেল স্থানীয় বিধায়ক সন্তু পানকে। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, অন্যায় বা অপরাধ করলে কাউকে বিন্দুমাত্র রেয়াত করা হবে না।
বিধায়কের কড়া বার্তা, অভিযুক্তরা যে রাজনৈতিক দলেরই সদস্য হোক না কেন, কিংবা যে দলেরই সমর্থক হোক না কেন, অপরাধের সঙ্গে যুক্ত থাকলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কোনো রাজনৈতিক পরিচয়কে ঢাল করে অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হলে তা কোনোভাবেই সহ্য করা হবে না বলেও কড়া হুঁশিয়ারি দেন তিনি।
স্থানীয় সূত্রে খবর, ব্যবসায়ী নিগ্রহ ও অন্যায়ভাবে তোলাবাজির মতো ঘটনার পর থেকে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পরিপ্রক্ষিতে বিধায়ক সন্তু পান অবিলম্বে নিবিড় তদন্ত চালিয়ে অভিযুক্তদের চিহ্নিত করার ও দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
তিনি আরও বলেন, সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার সর্বস্তরের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রশাসনের প্রাথমিক দায়িত্ব। কোনো অপরাধীকে রাজনৈতিক রঙের চশমা দিয়ে না দেখে, অপরাধের চরিত্রের ওপর ভিত্তি করে আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তারকেশ্বরের বিধায়কের এই দৃঢ় অবস্থান ঘিরে হুগলি জেলা রাজনৈতিক মহলেও ব্যাপক চাঞ্চল্য ও চর্চা শুরু হয়েছে। এখন দেখার, ব্যবসায়ী নিগ্রহ ও তোলাবাজির এই অভিযোগে পুলিশ প্রশাসন কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা নেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA