
আরামবাগ , ১০ আগস্ট (হি.স.) মানবিকতার নজির গড়ল গোঘাট থানার পুলিশ। পাঁচ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়া ঝাড়খণ্ডের এক যুবককে উদ্ধার করে সোমবার পরিবারের হাতে তুলে দিল পুলিশ। কামারপুকুর চটি এলাকা থেকে ওই যুবককে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া যুবকের নাম মনোজ ধৃত। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। পাঁচ দিন আগে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার।পরবর্তীতে তারা স্থানীয় থানায় অভিযোগ করেন।
বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান চালানোর পর অবশেষে কামারপুকুর চটি এলাকা থেকে মনোজ ধৃতকে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারের পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার তাঁকে তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেয় গোঘাট থানার পুলিশ। দীর্ঘ পাঁচ দিন পর পরিবারের সদস্যরা তাঁদের প্রিয়জনকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
পুলিশের এই তৎপরতা ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিপদে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে পুলিশ যে মানবিক ভূমিকা পালন করছে, এই ঘটনায় তারই প্রতিফলন দেখা গেল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA