
আগরতলা, ১০ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশজুড়ে চলছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। তিরঙ্গার প্রতি শ্রদ্ধা ও দেশাত্মবোধের আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে বিভিন্ন সামাজিক কর্মসূচিও গ্রহণ করা হচ্ছে। সেই কর্মসূচিরই অঙ্গ হিসেবে সোমবার ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ৪১ নম্বর ওয়ার্ড এলাকায় অনুষ্ঠিত হলো মেগা স্বাস্থ্য শিবির।
এদিন এলাকার জুয়েল ক্লাব প্রাঙ্গণে ২ নম্বর শ্রীরাম শক্তি কেন্দ্রের ৪, ৬ ও ৭ নম্বর বুথের উদ্যোগে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকেই এলাকার বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা গ্রহণের জন্য শিবিরে উপস্থিত হন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মূল উদ্দেশ্য শুধুমাত্র বাড়ি বাড়ি জাতীয় পতাকা পৌঁছে দেওয়া বা তিরঙ্গার প্রতি শ্রদ্ধা নিবেদনেই সীমাবদ্ধ নয়। দেশাত্মবোধের পাশাপাশি সমাজের মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়াও এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। সেই ভাবনা থেকেই এলাকার সাধারণ মানুষের জন্য এই মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।
শিবিরে সংশ্লিষ্ট এলাকার প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আসা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়ায় বিশেষভাবে উপকৃত হন এলাকার সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বর্তমান সময়ে চিকিৎসা পরিষেবার ব্যয় ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্য শিবির সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির কাছাকাছি এলাকায় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ পাওয়ায় তাঁরা উপকৃত হয়েছেন। আগামী দিনেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান তাঁরা।
২ নম্বর শ্রীরাম শক্তি কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই মেগা স্বাস্থ্য শিবিরকে ঘিরে স্থানীয়দের মধ্যে যথেষ্ট ইতিবাচক সাড়া দেখা যায়। স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশাত্মবোধের আবেগের সঙ্গে জনসেবার এই উদ্যোগ এলাকার মানুষের কাছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে আরও অর্থবহ করে তুলেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ