
নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): অভিনেত্রী খুশি কপুরকে নিয়ে আপত্তিকর অনলাইন কনটেন্ট সরানোর নির্দেশ দিতে চলেছে দিল্লি হাইকোর্ট। সেই লক্ষ্যে সংশ্লিষ্ট ইউআরএলের তালিকা চেয়েছে আদালত। বুধবার খুশি কপুরের করা আবেদনের শুনানিতে বিচারপতি জ্যোতি সিংয়ের বেঞ্চ এই নির্দেশ দেয়।
শুনানিতে খুশি কপুরের আইনজীবী আসভ রাজন আদালতকে জানান, আবেদনকারী হিন্দি ছবির অভিনেত্রী এবং ফ্যাশন আইকন হিসেবেও পরিচিত। এরপর আদালত খুশি কপুরের পক্ষকে প্রতিটি প্রতিপক্ষের বিরুদ্ধে সংশ্লিষ্ট ইউআরএলের তালিকা জমা দিতে বলে। পরে সেই তালিকা আদালতে জমা দেওয়া হয়। এ সময় মেটার আইনজীবী জানান, তালিকায় বেশ কয়েকটি ফ্যান পেজ রয়েছে। সেগুলি ভুয়ো অ্যাকাউন্ট নয় বলেও আদালতকে জানানো হয়।
এর আগে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিত্বের অধিকার রক্ষায় নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। তাঁদের মধ্যে রয়েছেন অভিনেত্রী জাহ্নবী কপুর, তব্বু, ক্রিকেটার যুবরাজ সিং, অভিষেক শর্মা, অভিনেতা ও সাংসদ রবি কিশন, কংগ্রেস নেতা শশী থারুর, অভিনেতা অর্জুন কপূর, তেলুগু অভিনেতা আল্লু অর্জুন, কথক অনিরুদ্ধাচার্য, মালয়ালম অভিনেতা মোহনলাল, ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ তথা প্রাক্তন সাংসদ গৌতম গম্ভীর, পতঞ্জলি আয়ুর্বেদের আচার্য বালকৃষ্ণ, অভিনেত্রী সোনাক্ষী সিনহা, বাবা রামদেব, অভিনেত্রী কাজল, অভিনেতা বিবেক ওবেরয়, অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ, প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর, অভিনেতা সলমন খান, অজয় দেবগন, অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চন, সাংবাদিক সুধীর চৌধুরী, আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর, তেলুগু অভিনেতা নাগার্জুন, অভিনেত্রী ঐশ্বর্য রাই, অভিষেক বচ্চন এবং চলচ্চিত্র প্রযোজক করণ জোহর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য