
নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.): অপারেশন সিঁদুরের নেপথ্যের কৌশল, গোয়েন্দা তৎপরতা এবং সামরিক অভিযানের বিভিন্ন দিক এবার তথ্যচিত্রের মাধ্যমে সামনে আসতে চলেছে। স্বাধীনতা দিবস, ১৫ আগস্ট রাত ৯টায় ডিসকভারি চ্যানেল ইন্ডিয়া এবং ডিসকভারি+ প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে দু’পর্বের তথ্যচিত্র ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’। ইতিমধ্যেই তথ্যচিত্রটির ট্রেলার প্রকাশ করা হয়েছে ডিসকভারি চ্যানেলের ইউটিউব প্ল্যাটফর্মে।
ট্রেলারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং শীর্ষ সামরিক আধিকারিকদের গত ২২ এপ্রিলের হামলার পর ভারতের পাল্টা অভিযানের বিভিন্ন দিক ব্যাখ্যা করতে দেখা যাচ্ছে। ওই হামলায় ২৬ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছিল।
তথ্যচিত্রে অপারেশন সিঁদুরের পরিকল্পনা, লক্ষ্য নির্ধারণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয়ের বিভিন্ন দিক তুলে ধরা হবে। ট্রেলারে ডোভালকে বলতে দেখা যাচ্ছে, অভিযানের লক্ষ্য ছিল জঙ্গি শিবিরগুলি সম্পূর্ণ ধ্বংস করা। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, ভারতের সহনশীলতাকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়।
স্বাধীনতা দিবসের সন্ধ্যায় এই তথ্যচিত্রের সম্প্রচার তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, অপারেশন সিঁদুর ইতিমধ্যেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সামরিক প্রতিক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে। অভিযানের নেপথ্যে থাকা কিছু তথ্য ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও এই তথ্যচিত্রে দর্শকদের সামনে আসতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য