
নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.): ইতালির সঙ্গে ভারতের সম্পর্ককে আরও শক্তিশালী করার উপর জোর দিয়ে কূটনৈতিক পরিসরে ‘পারস্পরিক সম্মান’ বজায় রাখার বার্তা দিল বিদেশ মন্ত্রক। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি সাম্প্রতিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ঘিরে মন্তব্যের প্রেক্ষিতেই শুক্রবার এই বার্তা দিয়েছে নয়াদিল্লি।
শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সরাসরি কোনও রাজনৈতিক মন্তব্যে না গিয়ে বলেন, ইতালির সঙ্গে ভারতের সম্পর্ক গত কয়েক বছরে বিভিন্ন ক্ষেত্রে আরও বিস্তৃত ও শক্তিশালী হয়েছে। সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে দু’দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান বজায় রাখা গুরুত্বপূর্ণ।
রাহুল গান্ধীর ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর কূটনৈতিক যোগাযোগের ধরন নিয়ে কটাক্ষ করা হয়। অনুষ্ঠানে রাহুলকে আলিঙ্গন করেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত। সেই প্রসঙ্গেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নাম তুলে প্রধানমন্ত্রীকে নিশানা করা হয়।
এই মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জয়সওয়াল বলেন, “ইতালির সঙ্গে আমাদের শক্তিশালী সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে সেই সম্পর্ক সব দিক থেকেই বিস্তৃত ও আরও মজবুত হয়েছে।” তাঁর বক্তব্য, কূটনৈতিক প্রক্রিয়ার অঙ্গ হিসেবে দুই দেশকেই পরস্পরের প্রতি সম্মান এবং সংবেদনশীলতা বজায় রেখে এগোতে হবে।
বিদেশ মন্ত্রকের এই বক্তব্যে রাজনৈতিক বিতর্কে সরাসরি জড়িয়ে না পড়ে ভারত-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বকেই সামনে রাখা হয়েছে। ফলে রাহুলের মন্তব্যের তাৎক্ষণিক রাজনৈতিক প্রতিক্রিয়ার বদলে কূটনৈতিক শিষ্টাচার ও সম্পর্কের ধারাবাহিকতার দিকটিই স্পষ্ট করেছে সরকার।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য