
কলকাতা, ১২ আগস্ট (হি.স.): প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরের ১৬ আগস্টও ফুটবলপ্রেমের আবেগকে সমাজসেবার সঙ্গে যুক্ত করতে উদ্যোগী হলো রাজ্যের ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)। ‘ফুটবল প্রেমী দিবস’ উপলক্ষে শহর কলকাতায় এক বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ভলান্টারি ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ মানবিক কর্মসূচিটি আগামী ১৬ আগস্ট, রবিবার, কলকাতার ঐতিহ্যবাহী ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত একটানা চলবে এই রক্তদান পর্ব।
বাংলা তথা সারা দেশে ফুটবলকে কেন্দ্র করে মানুষের আবেগ চিরকালীন। ক্রীড়াক্ষেত্রের সেই বাঁধভাঙা উদ্দীপনাকে সমাজের কল্যাণমূলক কাজে নিয়োজিত করতেই এই উদ্যোগ বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্যজুড়ে রক্তের ভাঁড়ারে ঘাটতি মেটাতে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্ত স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার পাশাপাশি ফুটবলপ্রেমীদেরও এই মহতী কর্মসূচিতে বিপুল সংখ্যায় এগিয়ে আসার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে।
উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন যে, ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডান সমর্থকসহ সমস্ত ফুটবলপ্রেমী, ক্রীড়ানুরাগী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণে এই রক্তদান শিবিরটি অনন্য সাফল্য লাভ করবে। কর্মসূচিটির বার্তা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। খেলাধুলার টানের সঙ্গে সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল নজির তৈরি হবে বলে আশাবাদী আয়োজক সংস্থা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত