পাকিস্তানের বালোচিস্তানে ৪.৮ মাত্রার ভূমিকম্প
কোয়েটা (বালোচিস্তান), ১২ আগস্ট (হি.স.): পাকিস্তানের বালোচিস্তানের কয়েকটি এলাকায় বুধবার সকালে ভূ–কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫ ক
পাকিস্তানের বালোচিস্তানে ৪.৮ মাত্রার ভূমিকম্প


কোয়েটা (বালোচিস্তান), ১২ আগস্ট (হি.স.): পাকিস্তানের বালোচিস্তানের কয়েকটি এলাকায় বুধবার সকালে ভূ–কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জানা গেছে , কম্পন ঝোব ও চামান এলাকায় অনুভূত হয়। জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্র ছিল ঝোব শহর থেকে প্রায় ১২২ কিলোমিটার উত্তর-পূর্বে। প্রশাসনের তরফে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর দেওয়া হয়নি। ভূমিকম্পের পর পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

এর আগে ২০২১ সালের ৭ অক্টোবর ঝোব ও চামান এলাকায় ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। হারনাইয়ের কাছে প্রায় ১৫ কিলোমিটার গভীরে সেই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল। ভোররাতে ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বহু বাড়ি ও অন্যান্য নির্মাণ ভেঙে পড়ে। ওই ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু এবং ৩০০-র বেশি মানুষের আহত হওয়ার খবর পাওয়া যায়।

পরবর্তী কয়েক দিন ধরে ওই এলাকায় একাধিক আফটারশকও অনুভূত হয়েছিল। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী দল এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল।

২০২৪ সালের মার্চেও চামান এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভোরে হওয়া ওই ভূমিকম্পের কম্পন কিলা আবদুল্লা, নৌশকি, পিশিন, দালবন্দিন, চাগাই এবং কোয়েটাতেও অনুভূত হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande