
নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): কংগ্রেস নেতা পবন খেরা বুধবার বলেছেন, সংসদে আলোচনা শুধুমাত্র পড়ুয়াদের প্রতিবাদ-বিক্ষোভের প্রসঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। অযোধ্যার রাম মন্দিরের প্রণামী চুরি সংক্রান্ত অভিযোগ, পড়ুয়াদের বিরুদ্ধে পদক্ষেপ, তথাকথিত প্রশ্নফাঁস এবং শিক্ষার্থীদের আত্মহত্যার মতো সব বিষয়েই আলোচনা হওয়া উচিত। তিনি জানান, বিরোধী দল প্রথম দিন থেকেই এই সমস্ত বিষয়ে আলোচনার দাবি জানিয়ে আসছে। আলোচনার জন্য কোনও শর্ত চাপানো সরকারের উচিত নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বুধবার সংসদ ভবন চত্বরে পবন খেরা সাংবাদিকদের এই বিষয়টি নিয়ে জানান।
পবন খেরা বলেন, তিনি (অমিত শাহ) বলেছেন যে, সরকার পড়ুয়াদের প্রতিবাদ সংক্রান্ত সমস্ত দিক নিয়ে বিস্তারিত আলোচনায় প্রস্তুত। বিরোধী দল ২৪ ঘণ্টার মধ্যে আলোচনার প্রস্তাব দিলে সরকার আলোচনায় রাজি। পবন খেরা জানান, আলোচনার জন্য শর্ত দেওয়ার কোনও অধিকার নেই শাসকদলের। তিনি বলেন, বিরোধী দল স্পষ্টভাবে জানাচ্ছে, আলোচনা হলে পড়ুয়াদের বিরুদ্ধে পদক্ষেপ, তথাকথিত প্রণামী চুরি, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার্থীদের আত্মহত্যা এবং ছাত্রদের বিক্ষোভ চলাকালীন পেলেট গান, কাঁদানে গ্যাস ও বলপ্রয়োগের মতো বিষয়গুলি নিয়েও আলোচনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে এসে এই সমস্ত ইস্যুতে জবাব দিতে হবে।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর নিয়মিত উপস্থিত থাকা নিয়েও প্রশ্ন তোলেন খেরা। তিনি বলেন, সংসদ চত্বরে আসা, আর সংসদের ভেতরে উপস্থিত থাকা সম্পূর্ণ আলাদা বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রী যদি সংসদের ক্যান্টিন বা অন্য কোথাও আসেন, তবে সেটিকে সংসদে উপস্থিতি বলা যায় না। খেরা বলেন, সংসদের অধিবেশন শুরু হওয়ার পর প্রায় ১৭-১৮ দিন অতিবাহিত হওয়ার পর সরকারের পক্ষ থেকে আলোচনার কথা বলা হচ্ছে। অথচ বিরোধী দল দীর্ঘদিন ধরেই স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে উপস্থিত থেকে যন্তর মন্তর এবং দেশের অন্যান্য অংশে পড়ুয়াদের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে বক্তব্য পেশ করার দাবি জানাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ