এলএসি-র কাছে ভারতীয় টহল পয়েন্টে যাতায়াত বন্ধের অভিযোগ কংগ্রেসের, কেন্দ্রের কাছে কঠোর পদক্ষেপের দাবি
নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): অরুণাচল প্রদেশের তাকসিং এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-র কাছে ভারতীয় সেনার ঐতিহাসিক টহল পয়েন্টগুলিতে যাতায়াত বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জাতীয় নিরাপত্তার স্বার্থে প
এলএসি-র কাছে ভারতীয় টহল পয়েন্টে যাতায়াত বন্ধের অভিযোগ কংগ্রেসের, কেন্দ্রের কাছে কঠোর পদক্ষেপের দাবি


নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): অরুণাচল প্রদেশের তাকসিং এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-র কাছে ভারতীয় সেনার ঐতিহাসিক টহল পয়েন্টগুলিতে যাতায়াত বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে কংগ্রেস।

কংগ্রেসের অভিযোগ, সীমান্ত এলাকায় চিনের কার্যকলাপ ভারতের ভৌগোলিক অখণ্ডতা, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তা এবং তাঁদের জীবিকার ক্ষেত্রে গুরুতর উদ্বেগ তৈরি করছে। বৃহস্পতিবার দলের বিদেশ বিষয়ক বিভাগের চেয়ারম্যান সলমন খুরশিদ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ কংগ্রেসের এই বক্তব্য প্রকাশ করেন। দলের বক্তব্যে বলা হয়েছে, তাকসিং এলাকায় ভারতের দীর্ঘদিনের টহল পয়েন্টগুলিতে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে চিন। কংগ্রেসের দাবি, এটি ভারতের সার্বভৌমত্বের সামনে গুরুতর চ্যালেঞ্জ। ধীরে ধীরে ভারতীয় ভূখণ্ডের কাছাকাছি নিজেদের উপস্থিতি বাড়ানোর চিনা কৌশলের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

কংগ্রেসের দাবি, অরুণাচল প্রদেশ সরকার এবং সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারাও চিনের কার্যকলাপ নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন। সীমান্তের কাছাকাছি চিনের তরফে গ্রাম তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেছে কংগ্রেস। দলের মতে, এই পরিস্থিতিতে ভারতের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার পাশাপাশি দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানিয়েছে কংগ্রেস। একইসঙ্গে প্রধানমন্ত্রীকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি বিষয়টি নিয়ে আলোচনা করার আবেদন জানিয়েছে দল। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ারও দাবি করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande