
নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসা বিশেষ অতিথি, আমন্ত্রিত ব্যক্তি এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে শনিবার ভোর ৪টে থেকে দিল্লি মেট্রোর পরিষেবা শুরু হবে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)-র পুরো নেটওয়ার্কের সমস্ত টার্মিনাল স্টেশন থেকেই এই পরিষেবা চালু হবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ডিএমআরসি।
বিবৃতি অনুযায়ী, ১৫ আগস্ট নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত মেট্রো পরিষেবা শুরু না হওয়া পর্যন্ত সমস্ত লাইনে ৩০ মিনিট অন্তর মেট্রো চলবে।
বিশেষ অতিথি এবং আমন্ত্রিতদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রতিরক্ষা মন্ত্রককে ১ লক্ষ ৩০ হাজার বিশেষ প্রি-ইস্যুড কিউআর টিকিট দিয়েছে ডিএমআরসি। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রকের ইস্যু করা বৈধ ফিজিক্যাল অ্যাডমিট কার্ড থাকা আমন্ত্রিতদের সুবিধার জন্য নির্দিষ্ট মেট্রো স্টেশনে বিশেষ প্রি-ইস্যুড কিউআর টিকিটের ব্যবস্থা করা হবে।
ডিএমআরসি জানিয়েছে, লালকেল্লা, জামা মসজিদ এবং দিল্লি গেট মেট্রো স্টেশনগুলি স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানস্থলের সবচেয়ে কাছের স্টেশন।
বিশেষ কিউআর টিকিট ব্যবহার করে যাতায়াতের জন্য যে খরচ হবে, তা প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ডিএমআরসিকে ফেরত দেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য