
নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): 'হর ঘর তিরঙ্গা' অভিযানের অঙ্গ হিসেবে নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নিতিন নবীন। বৃহস্পতিবার তিনি দিল্লিতে তাঁর বাসভবনের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করেন। তারপরে তিনি সেলফি-ও তোলেন। 'হর ঘর তিরঙ্গা' অভিযানের মাধ্যমে নিতিন নবীন দেশবাসীকে তিরঙ্গার প্রতি তাঁদের শ্রদ্ধা, সম্মান ও গর্বের অনুভূতি প্রকাশ করার আহ্বান জানিয়েছেন।
নিতিন নবীন সমাজ মাধ্যম 'এক্স' হ্যান্ডলে লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে 'হর ঘর তিরঙ্গা' অভিযানের অংশ হিসেবে আজ নিজের বাসভবনে তিরঙ্গা উত্তোলন করে দেশের প্রতি তাঁর যৌথ অঙ্গীকার প্রকাশ করেছেন এবং স্বাধীনতা সংগ্রামের অমর শহিদদের স্মরণ করেছেন। নিতিন নবীন দেশবাসীকে 'হর ঘর তিরঙ্গা' অভিযানের অংশ হতে এবং নিজেদের বাড়িতে তিরঙ্গা উত্তোলন করে এই গৌরবময় অভিযানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছেন।
বিজেপির জাতীয় সভাপতি দেশবাসীর কাছে তিরঙ্গার সঙ্গে নিজেদের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় #HarGharTiranga হ্যাশট্যাগ দিয়ে শেয়ার আবেদন করেন। জনঅংশগ্রহণের এই অভিযানকে সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি, যাতে প্রতিটি ঘর তিরঙ্গার রঙে সেজে ওঠে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ