
রাঁচি, ১৪ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডের চামোলি জেলার পিপলকোটিতে টিএইচডিসি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টিআরটি টানেলে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনার পর ঝাড়খণ্ডের শ্রমিকদের নিয়ে উদ্বেগ বেড়েছে। খুঁটি, গুমলা-সহ ঝাড়খণ্ডের বিভিন্ন জেলার কয়েকজন শ্রমিক ওই প্রকল্পে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় কয়েকজন শ্রমিক টানেলের ভিতরে আটকে পড়েছেন বলে খবর। তবে ঝাড়খণ্ডের ঠিক কতজন শ্রমিক আটকে রয়েছেন এবং তাঁদের বর্তমান পরিস্থিতি কী, সে বিষয়ে এখনও বিস্তারিত সরকারি তথ্য সামনে আসেনি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ টানেলের ভিতরের একটি ক্যাভিটি থেকে আচমকা বিপুল পরিমাণ মাটি ও জল বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যে টানেলের ভিতরে ধ্বংসাবশেষ জমে যাওয়ায় বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়েন। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৮ জন শ্রমিক গুরুতর আহত বলে জানা গিয়েছে। আরও ৩ জনের সন্ধানে উদ্ধারকাজ চলছে।
দুর্ঘটনার খবর পেয়েই এসডিআরএফ, এনডিআরএফ, জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ টানেলের প্রায় ১.৮ কিলোমিটার ভিতরে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। সরকারি সূত্রের দাবি, দুর্ঘটনার সময় টানেলের ভিতরে গ্র্যাভিটি প্যাকিংয়ের কাজ চলছিল। সেই সময় আচমকা জোরালো শব্দ হয় এবং জলের সঙ্গে বিপুল পরিমাণ মাটি ও ধ্বংসাবশেষ টানেলের ভিতরে ঢুকে পড়ে।
উদ্ধারকারী দল মাটি ও ধ্বংসাবশেষ সরিয়ে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ঝাড়খণ্ড সরকার সংশ্লিষ্ট শ্রমিকদের বিষয়ে তথ্য সংগ্রহ করে তাঁদের পরিবারের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে ফোনে কথা বলেন। ধামি তাঁকে আশ্বস্ত করেছেন, টানেলে আটকে থাকা শ্রমিকদের নিরাপদে বের করে আনতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে।
নির্মীয়মাণ টানেলে বারবার দুর্ঘটনা এবং শ্রমিক আটকে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সোরেন। তাঁর বক্তব্য, উন্নয়ন প্রয়োজন, তবে তার সঙ্গে প্রকৃতি ও পরিবেশের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে। প্রকৃতির উপর অন্ধভাবে হস্তক্ষেপের গুরুতর পরিণতি বারবার সামনে আসছে বলেও মন্তব্য করেন তিনি।
চামোলির ওই প্রকল্পে কর্মরত ঝাড়খণ্ডের শ্রমিকদের পরিবারের সদস্য ও পরিচিতদের রাজ্য সরকারের কন্ট্রোল রুমে যোগাযোগ করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
হেল্পলাইন:
টোল ফ্রি— ১৮০০-৩৪৫৬-৫২৬
হোয়াটসঅ্যাপ— ৯৪৭০১৩২৫৯১, ৯৪৩১৩৩৬৪৭২, ৯৪৩১৩৩৬৪২৭
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতির উপর ঝাড়খণ্ড সরকার নিয়মিত নজর রাখছে এবং রাজ্যের শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য