
নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবস উদযাপনের আবহেই আতঙ্কের ছায়া দেশের রাজধানী দিল্লিতে। শুক্রবার দিল্লি হাই কোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এবং একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দফতরে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। পরপর এই ধরনের বার্তা আসতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় প্রশাসনিক মহলে।
খবর পেয়েই তড়িঘড়ি সংশ্লিষ্ট স্থানগুলিতে পৌঁছায় দিল্লি পুলিশের বিশেষ দল। তবে দীর্ঘ ও পুঙ্খানুপুঙ্খ তল্লাশির পর পুলিশ স্পষ্ট জানিয়েছে, সমস্ত হুমকিই ছিল ভুয়ো। কোনও এলাকা থেকেই কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি।
পুলিশ সূত্রের খবর, এ দিন সকাল ১১টা ১৮ মিনিটে দিল্লি ক্যান্টনমেন্ট এসডিএম অফিসে, ১১টা ৩২ মিনিটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরেরটার্মিনাল ৩-এ, ১১টা ৪০ মিনিটে জামনগর হাউসে এবং ১১টা ৪২ মিনিটে সাকেত এসডিএম অফিসে ইমেল মারফত বোমা হামলার হুমকি দেওয়া হয়; এছাড়া সকাল ১১টা ৫৭ মিনিটে ঝান্ডেওয়ালান এলাকার জন্য দমকলের কন্ট্রোল রুমে বোমা হামলার হুমকির ফোন আসে। পরে তল্লাশিতে পুলিশ জানায়, এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ