
চণ্ডীগড়, ১৪ আগস্ট (হি.স.): শিরোমণি অকালি দলের নেতা সুখবীর সিং বাদলকে ধর্মীয় শাস্তি দেওয়া অকাল তখত সাহিবের প্রাক্তন জাঠেদার জ্ঞানী রঘবীর সিংয়ের অমৃতসরের বাড়িতে গুলি চালানোর ঘটনা সামনে এসেছে। ঘটনার সময় প্রাক্তন জাঠেদার বাড়িতেই ছিলেন। পুলিশ তাঁর ব্যক্তিগত গাড়ি ও বাড়িতে গুলির চিহ্ন পেয়েছে। ঘটনাস্থল থেকে একটি কার্তুজও উদ্ধার করা হয়েছে। অমৃতসর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জ্ঞানী রঘবীর সিং পুলিশকে জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে গুলি চলার শব্দ রেকর্ড হয়েছে। ফুটেজে লাল টি-শার্ট পরা এক যুবককে স্কুটারে যাতায়াত করতেও দেখা গিয়েছে। খবর পেয়ে অমৃতসরের পুলিশ কমিশনার হরমনবীর সিং গিল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।
প্রাক্তন জাঠেদার জানান, ১২ আগস্ট রাত প্রায় ১১টা ৪ মিনিটে তাঁর বাড়ির বাইরে দাঁড় করানো গাড়ির বনেটে গুলি লাগে। তবে বিষয়টি পরিবারের নজরে আসে পরদিন, ১৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ। চালক গাড়ি পরিষ্কার করার সময় গুলির চিহ্ন দেখতে পান। পরে পরীক্ষা করে সেটি .৩২ বোরের গুলি বলে জানা যায়।
রঘবীর সিংয়ের দাবি, সিসিটিভি ফুটেজে এক যুবককে স্কুটারে বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। পরে তাকে একটি চকে দাঁড়িয়ে ফোনে কথা বলতেও দেখা যায়। তবে তাঁকে সরাসরি কোনও হুমকি বা ফোন করা হয়নি বলেও জানান তিনি। যদিও অতীতে তাঁর গাড়িকে ধাক্কা দেওয়ার চেষ্টা এবং কনভয়ের মধ্যে অন্য গাড়ি ঢুকিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে বলে দাবি করেন প্রাক্তন জাঠেদার।
ডিসিপি (ইনভেস্টিগেশন) রবিন্দর পাল সিং সান্ধু জানান, প্রাথমিক তদন্তে গুলি উপর থেকে নীচের দিকে এসে আঘাত করার বিষয়টি সামনে এসেছে। তবে গুলি ঠিক কোন দিক থেকে ছোড়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পিএসওকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
পুলিশ আশপাশের বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলছে এবং এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। এখনও পর্যন্ত এমন কোনও ব্যক্তির সন্ধান মেলেনি, যিনি সরাসরি বাড়ির দিকে গুলি চালিয়েছেন বলে নিশ্চিত হওয়া যায়। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, প্রায় দু’বছর আগে বেহাদবি মামলায় সুখবীর বাদলকে ধর্মীয় শাস্তি দিয়েছিলেন জ্ঞানী রঘবীর সিং। এর পরদিন, ১৩ আগস্ট মহারাষ্ট্রের নান্দেড়ে গুরুদ্বার মাতাসাহিবে এক নিহঙ্গের হামলার শিকার হন সুখবীর বাদল।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য