পিপলকোটি সুড়ঙ্গ দুর্ঘটনায় ৬ শ্রমিকের মৃত্যু, আহত ১৪ : উদ্ধারকাজ অব্যাহত
দেরাদুন, ১৪ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডের চামোলি জেলার পিপলকোটির কাছে মায়াপুরে অবস্থিত টিএইচডিসি -র একটি নির্মীয়মাণ সুড়ঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা জল জমে ও ধস নেমে মারাত্মক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং ১৪ জন আহত হ
পিপলকোটি সুড়ঙ্গ দুর্ঘটনা


দেরাদুন, ১৪ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডের চামোলি জেলার পিপলকোটির কাছে মায়াপুরে অবস্থিত টিএইচডিসি -র একটি নির্মীয়মাণ সুড়ঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা জল জমে ও ধস নেমে মারাত্মক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং ১৪ জন আহত হয়েছেন।

রাজ্য জরুরি অপারেশন সেন্টারের গভীর রাতের রিপোর্ট অনুযায়ী, সুড়ঙ্গে আটকে থাকা ২২ জন শ্রমিকের মধ্যে ২০ জনকে ইতিমধ্যেই বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। এর মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে এবং ১৪ জন গুরুতর আহত। সুড়ঙ্গের ভেতরে আটকে থাকা অবশিষ্ট শ্রমিকদের সন্ধানে ও তাঁদের নিরাপদে বের করে আনতে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই জেলা প্রশাসন, পুলিশ, এসডিআরএফ , এনডিআরএফ , দমকল এবং প্রতিনিধি দল ও চিকিৎসক দলকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠানো হয়। চামোলির জেলাশাসক গৌরব কুমার নিজে ঘটনাস্থলে পৌঁছে পুরো উদ্ধারকাজের তদারকি করেন। টিএইচডিসি-র ভারী যন্ত্রপাতি ও কর্মীদেরও উদ্ধার অভিযানে নিয়োজিত করা হয়েছে।

আহতদের গোপেশ্বর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা বিবেচনা করে বেস হাসপাতাল শ্রীনগর এবং ঋষিকেশকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রশাসন জানিয়েছে, প্রয়োজনে গুরুতর আহতদের উচ্চতর চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হবে।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী গভীর রাতে রাজ্য দুর্যোগ অপারেশন সেন্টারে পৌঁছে ত্রাণ ও উদ্ধার অভিযানের পর্যালোচনা করেন। তিনি আধিকারিকদের নির্দেশ দেন, সুড়ঙ্গে আটকে থাকা প্রতিটি মানুষকে নিরাপদে বের করে আনাটাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এই অভিযানে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধার হওয়া শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের মনোবল বৃদ্ধি করেন। তিনি জানান, রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবারের পাশে সম্পূর্ণ শক্তিতে রয়েছে।

এদিকে রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং (অবসরপ্রাপ্ত) ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ ছাড়া মুখ্যমন্ত্রী ধামী ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বিষয়ে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাঁদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

টিএইচডিসি-র কার্যকরী নির্দেশক (প্রকল্প) কুমার শরদের বক্তব্য অনুযায়ী, বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টেইলরেস সুড়ঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে জলের প্রবাহ অনেকটাই বেড়ে যায়। এর ফলে ভেতরে ক্যাভিটি তৈরি হয় এবং ধস নেমে কাজ করতে থাকা ২২ জন শ্রমিক আটকে পড়েন।

দুর্ঘটনা সংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য রাজ্য দুর্যোগ অপারেশন সেন্টার একাধিক হেল্পলাইন নম্বর চালু করেছে:

* ১০৭০

* ০১৩৫-২৭১০৩৩৪

* ৮২১৮৮ ৬৭০০৫

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande