
সারণ, ১৯ আগস্ট (হি.স.): বিহারে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে সারণ জেলা পুলিশ। বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে বুধবার পুলিশ জানিয়েছে।
ধৃতদের মধ্যে ৯ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা ছিল। এছাড়া ৮ জন মদ ব্যবসায়ী, ৮ জন মদ্যপানকারী, অস্ত্র আইনের মামলায় ৩ জন, খুনের চেষ্টার অভিযোগে ৩ জন এবং চুরির মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতির মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পকসো আইন, পণপ্রথা সংক্রান্ত হত্যাকাণ্ড, অপহরণ, ধর্ষণ এবং বাড়িতে চুরির পৃথক মামলায় একজন করে অভিযুক্তকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।
অভিযান চলাকালীন পুলিশ ২২২.৪২ লিটার মদ উদ্ধার করেছে। এর মধ্যে ২১৬.৬০ লিটার দেশি মদ এবং ৫.৮২ লিটার বিদেশি মদ রয়েছে। এছাড়া একটি পিস্তল, তিনটি মোটরসাইকেল, একটি ট্র্যাক্টর, একটি গ্যাস সিলিন্ডার, একটি মাস্টার চাবি এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশের অভিযানে দুই অপহৃত ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, যানবাহন পরীক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে ৩২টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৭১,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস