আবাস যোজনার কাটমানি ফেরতের দাবিতে কংগ্রেস কাউন্সিলরের বাড়ি ঘেরাও, বিক্ষোভে শতাধিক উপভোক্তা
বসিরহাট, ১৯ আগস্ট (হি.স.): বাংলা আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ তুলে কংগ্রেস কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শতাধিক উপভোক্তা। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পুরসভার ১৮ নম্বর ওয়ার্
কাট মানি ফেরত


বসিরহাট, ১৯ আগস্ট (হি.স.): বাংলা আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ তুলে কংগ্রেস কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শতাধিক উপভোক্তা। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের শিকারিবাগান এলাকায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। অভিযোগ, কয়েকজন উপভোক্তার ব্যাংকের পাসবই, আধার কার্ড ও প্যান কার্ড আটকে রেখে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বিষয়টি জানানো হলেও কোনও সুরাহা হয়নি বলে দাবি তাঁদের।

এরপর বুধবার ১৮ নম্বর ওয়ার্ডের মহামায়া কলোনি-সহ একাধিক এলাকার আবাস যোজনার উপভোক্তারা একত্রিত হয়ে কংগ্রেস কাউন্সিলর তথা রাজ্য কংগ্রেসের এসসি সেলের চেয়ারম্যান বিশ্বজিৎ রায়ের বাড়ি ঘেরাও করেন। অবিলম্বে টাকা ফেরত দেওয়ার দাবি জানান তাঁরা। টাকা ফেরত না দিলে কাউন্সিলরকে বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ চলাকালীন উপভোক্তাদের সঙ্গে কাউন্সিলরের বাগবিতণ্ডা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিশ্বজিৎ রায়। তাঁর দাবি, অনেকে ভুলভাল কথা বলছেন। অনেকেই টাকা ফেরত পেয়েছেন। কারও ব্যাংকের পাসবই তিনি আটকে রাখেননি বলেও দাবি করেন কাউন্সিলর।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande