
আরামবাগ , ১৯ আগস্ট (হি.স.):
বৃহস্পতিবার আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের আগাম প্রস্তুতি খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রীর এই সফর বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই আরামবাগ মহকুমাজুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। নিরাপত্তা থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা এবং বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
এরই মধ্যে বুধবার আরামবাগের হেলিপ্যাডে হয় হেলিকপ্টারের ট্রায়াল রান। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের আগে এই মহড়াকে ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। হেলিকপ্টারের ট্রায়াল রান দেখতে হেলিপ্যাডের আশপাশে ভিড় জমান সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তাঁদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও কৌতূহল।
আগামীকাল মুখ্যমন্ত্রী সরেজমিনে বন্যা পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। ফলে মুখ্যমন্ত্রীর সফরের দিকে তাকিয়ে এখন গোটা আরামবাগ মহকুমা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA