জেলাশাসকের দফতরের গাড়িচালকের রক্তাক্ত দেহ উদ্ধার; খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য এলাকায়
কোচবিহার, ১৯ আগস্ট (হি.স.): বুধবার জেলাশাসকের দফতরের এক গাড়িচালকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। বুধবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে কোচবিহার-২ ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের বড়গিলা এলাকায় রাস্তার
জেলাশাসকের দফতরের গাড়িচালকের রক্তাক্ত দেহ উদ্ধার; খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য এলাকায়


কোচবিহার, ১৯ আগস্ট (হি.স.): বুধবার জেলাশাসকের দফতরের এক গাড়িচালকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। বুধবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে কোচবিহার-২ ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের বড়গিলা এলাকায় রাস্তার উপর থেকে উদ্ধার হয় তাপস সরকার (৩৬)-এর দেহ। তাঁর বাড়ি খাপাইডাঙা গ্রাম পঞ্চায়েতের তলিতলা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে রক্তাক্ত অবস্থায় তাপসকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুন্ডিবাড়ি থানার পুলিশ তাঁকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থল থেকে তাঁর জুতো দু’টি দুই দিকে পড়ে থাকায় সন্দেহ আরও বেড়েছে। ইতিমধ্যেই দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্কুটি নিয়ে একটি জন্মদিনের অনুষ্ঠান ও মনসা পুজোর নিমন্ত্রণে যোগ দিতে বেরিয়েছিলেন তাপস। রাত ১২টার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ফোন করলে তিনি বাড়ি ফেরার কথা জানান। পরে এক প্রতিবেশী তাঁকে দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান। হাসপাতালে গিয়ে তাঁর মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা।

পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। এদিকে তাঁর স্কুটি ঘটনাস্থলে মেলেনি। সেটি এক বন্ধুর বাড়িতে রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande