
বাঁকুড়া, ১৯ আগস্ট (হি.স.) : পথ দুর্ঘটনা আটকাতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে বাঁকুড়া জেলা প্রশাসন ও পুলিশ। পথ দুর্ঘটনার নিয়ন্ত্রণে টোটো চলাচলে বেশকিছু বিধি নিষেধ আরোপের পাশাপাশি এবিষয়ে সার্বিক সচেতনতা প্রসারে জোর দেওয়া হয়েছে। জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল নিষিদ্ধ বলে মঙ্গলবারই ঘোষণা করা হয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে।
বাঁকুড়া জেলা পুলিশের এই নির্দেশ টোটো চালকদের হাতে পৌঁছে গেছে। এই নির্দেশ অনুসারে জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও গুরুত্বপূর্ন সড়কে টোটো বা ই-রিকশা চলাচল সম্পৃর্ন নিষিদ্ধ করা হয়েছে। পথ দুর্ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন থেকে শুধুমাত্র নির্দিষ্ট অনুমোদিত রুটে টোটো চলাচলের কথা বলা হয়েছে।
জেলার সড়কগুলিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা প্রতিরোধের জন্য এই ব্যবস্থা নিতে হয়েছে বলে পুলিশের পক্ষে জানানো হয়েছে। নির্ধারিত অনুমোদিত রাস্তা ব্যবহার করার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা, চালক ও যাত্রীদের হেলমেট ব্যবহার করা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখা মত বিষয়গুলিতেও জোর দেওয়া হয়েছে।
জেলা পুলিশের বক্তব্য, টোটোর মত ধীরগতির গাড়ির জন্য যানজট সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এতে চালক ও যাত্রীরা সমস্যায় পড়েন। এই পরিস্থিতি এড়াতে কড়া পদক্ষেপ নেওয়া হল।
বুধবার টোটো চালকদের জানান , সরকারি নির্দেশ মানতে হবে। কোন কর্মসংস্থান না মেলায় পড়াশুনা করে লোন নিয়ে টোটো চালাচ্ছেন। এই নির্দেশ তাদের জীবিকায় প্রভাব ফেলবে তবুও যাত্রীদের নিরাপত্তা সবার আগে।
উল্লেখ্য,এখন থেকে ৯ বছর আগে টোটোর দাপাদাপি রুখতে মাঠে নামতে হয়েছিল জেলার এক মহকুমা শাসককে। খাতড়ার তৎকালিন মহকুমাশাসক তনয়দেব সরকার বাঁকুড়ার আরটিও দফতরে ইমেল করে জাতীয় সড়কে টোটো চলাচল করছে বলে অভিযোগ জানান। মহকুমাশাসক জানান, খাতড়া পাম্প মোড়, হাতিরামপুর, সুপুর, ইঁদপুরে রাজ্য সড়কে রমরমিয়ে চলছে টোটো। এই ঘটনায় যেমন দুর্ঘটনার আশঙ্কা থাকছে, তেমনই রাজ্য সড়কে যানজটও বাড়ছে। প্রায় ৯ বছর পর রাজ্যে সরকার বদল হওয়ায় গুরুত্ব পেল বিষয়টি।টোটোর যাত্রী নিরাপত্তা কথা ভেবে প্রশাসনের পক্ষ বাঁকুড়া শহরে টোটো চলাচলের রুট নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। কিন্তু জেলার অন্যত্র দাপিয়ে বেড়াছে টোটো। যার ফলে যাত্রী ও বাঁকুড়াবাসীদের ক্ষোভ বাড়তে থাকে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট