হাওড়ায় ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে ধরা পড়লো কনস্টেবল, চাঞ্চল্য
হাওড়া, ১৯ আগস্ট (হি.স.): ফের ঘুষ নেওয়ার অভিযোগে হাওড়া পুলিশ কমিশনারেটের এক কনস্টেবলকে হাতেনাতে ধরল অ্যান্টি করাপশন বিভাগ। অভিযুক্ত পুলিশকর্মীর নাম শুভময় মণ্ডল। তিনি সাঁকরাইল থানার অধীন নাজিরগঞ্জ আউটপোস্টে কনস্টেবল পদে কর্মরত ছিলেন বলে জানা গিয়
হাওড়ায় ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে ধরা পড়লো কনস্টেবল, চাঞ্চল্য


হাওড়া, ১৯ আগস্ট (হি.স.): ফের ঘুষ নেওয়ার অভিযোগে হাওড়া পুলিশ কমিশনারেটের এক কনস্টেবলকে হাতেনাতে ধরল অ্যান্টি করাপশন বিভাগ। অভিযুক্ত পুলিশকর্মীর নাম শুভময় মণ্ডল। তিনি সাঁকরাইল থানার অধীন নাজিরগঞ্জ আউটপোস্টে কনস্টেবল পদে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিকভাবে খবর।

বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অভিযোগের নিষ্পত্তি বা পুলিশি কাজের ক্ষেত্রে সুবিধা করে দেওয়ার বিনিময়ে ওই কনস্টেবল টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অ্যান্টি করাপশন বিভাগের আধিকারিকরা বিষয়টির উপর নজর রাখছিলেন। এরপর পরিকল্পনামাফিক ঘুষের টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়।

অভিযোগ, টাকা নেওয়ার সময়ই শুভময় মণ্ডলকে হাতেনাতে ধরে ফেলেন অ্যান্টি করাপশন বিভাগের আধিকারিকরা। তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘুষ নেওয়ার অভিযোগের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়া পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি পদে থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কতটা সত্যি এবং এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখছেন আধিকারিকরা।

অ্যান্টি করাপশন বিভাগের পক্ষ থেকে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের পূর্ণাঙ্গ তথ্য স্পষ্ট হবে না।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande