
মালদা, ১৯ আগস্ট (হি.স.): ভোররাতে ১২ নম্বর জাতীয় সড়কে চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদার গাজোলে। বুধবার ভোরে গাজোলের আহোড়া এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত একটি ডাম্পার নিয়ে যাওয়ার সময় আচমকাই লরিটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে।
জানা গিয়েছে, আগুনের তীব্রতায় লরির সামনের অংশ এবং চাকা পুড়ে যায়। লরিতে থাকা তেলের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা যায়। জাতীয় সড়কের উপর চলন্ত লরিতে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাজোল থানার পুলিশ। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং যান চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেয়। তবে অভিযোগ, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। এরপর দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডের জেরে ১২ নম্বর জাতীয় সড়কের একটি লেন কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ফলে ওই রাস্তায় যান চলাচলে সাময়িক প্রভাব পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে কীভাবে চলন্ত লরিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়