তাহেরপুরে বিরিয়ানি খেয়ে ৩০ জনের বেশি অসুস্থ, খাবারের মান নিয়ে উঠল প্রশ্ন
তাহেরপুর, ১৯ আগস্ট (হি.স.): তাহেরপুরের একটি খ্যাতনামা বিরিয়ানি দোকানের খাবার খেয়ে ৩০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। অসুস্থদের মধ্যে শিশু থেকে বয়স্ক—বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন বলে দাবি। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই বিরিয়ানি খাও
বিরিয়ানি খেয়ে অসুস্থ


তাহেরপুর, ১৯ আগস্ট (হি.স.): তাহেরপুরের একটি খ্যাতনামা বিরিয়ানি দোকানের খাবার খেয়ে ৩০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। অসুস্থদের মধ্যে শিশু থেকে বয়স্ক—বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন বলে দাবি। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই বিরিয়ানি খাওয়ার পর একাধিক মানুষের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে।

অসুস্থদের একাংশের অভিযোগ, বিরিয়ানি বাসি ছিল কি না, কিংবা খাবারে কোনও ক্ষতিকর উপাদান মেশানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এত কম দামে মটন বিরিয়ানি বিক্রি হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন। এমনকি বিরিয়ানিতে নেশাজাতীয় কোনও উপাদান মেশানো হয় কি না, সেই সন্দেহও প্রকাশ করেছেন তাঁরা। তবে এই অভিযোগগুলির কোনওটি এখনও প্রমাণিত নয়।

জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই অসুস্থ কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। একসময় হাসপাতালে রোগীর চাপ এতটাই বেড়ে যায় যে বেড পেতেও সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ।

ঘটনার পর খাদ্য দফতর ও প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। প্রয়োজনে বিরিয়ানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। পরীক্ষায় খাবারে ক্ষতিকর উপাদানের প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি রয়েছে।

এ বিষয়ে ‘ড্রিমল্যান্ড বিরিয়ানি’র কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনও সদুত্তর পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande