অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হোটেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ, যৌথ তদন্ত কমিটি গঠন
কলকাতা, ১৯ আগস্ট (হি.স.): বুধবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হোটেলটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিলেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে। একইসঙ্গে শহরের ১৬টি বোরোতে পৃথকভাবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই কমিটিগুলি
স্মিতা পান্ডে


কলকাতা, ১৯ আগস্ট (হি.স.): বুধবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হোটেলটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিলেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে। একইসঙ্গে শহরের ১৬টি বোরোতে পৃথকভাবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই কমিটিগুলিকে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগামী ২৫ আগস্ট থেকে শহরের ১৬টি বোরো এলাকায় বাণিজ্যিক কাজে ব্যবহৃত আবাসন, মার্কেট, হোটেল-সহ যেখানে সাধারণ মানুষের জমায়েত হয়, এমন বিভিন্ন জায়গায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং অন্যান্য সুরক্ষা বিধি মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে।

এই বিশেষ নজরদারি অভিযানে পুরসভার লাইসেন্স বিভাগকেও যুক্ত করা হয়েছে। যৌথ তদন্ত কমিটিতে কলকাতা পুরসভা, কেএমডিএ, কলকাতা পুলিশ, দমকল এবং সিইএসসি-সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা থাকবেন।

পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে স্বীকার করেছেন, নজরদারির ক্ষেত্রে কিছু খামতি ছিল। কোথায় এবং কীভাবে সেই ত্রুটি হয়েছে, তা খতিয়ে দেখতে বিল্ডিং বিভাগের কাছ থেকে যাবতীয় রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি লাইসেন্স ও বিল্ডিং বিভাগে কোনও গাফিলতি ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

কমিশনারের বক্তব্য, শুধু প্রশাসনের নয়, ব্যবসায়ীদেরও অগ্নিনিরাপত্তা ও অন্যান্য সুরক্ষা বিধি মেনে চলার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। তদন্তে গাফিলতি ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande