বিজেপি কর্মীকে মারধর, স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি
ঝাড়গ্রাম, ১৯ আগস্ট (হি.স.): এক বিজেপি কর্মীকে মারধর করে খুনের চেষ্টার অভিযোগ এবং তাঁর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল নয়াগ্রাম ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি রমেশ রাউতকে। ঘটনাটি নয়াগ্রাম থানার গোহালবেড়া গ্রামের। অভিযুক্ত রমেশের বাড়িও ও
বিজেপি কর্মীকে মারধর, স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি


ঝাড়গ্রাম, ১৯ আগস্ট (হি.স.): এক বিজেপি কর্মীকে মারধর করে খুনের চেষ্টার অভিযোগ এবং তাঁর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল নয়াগ্রাম ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি রমেশ রাউতকে। ঘটনাটি নয়াগ্রাম থানার গোহালবেড়া গ্রামের। অভিযুক্ত রমেশের বাড়িও ওই গ্রামেই।

ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর প্রতিবেশী তথা স্থানীয় বিজেপি কর্মী কৃষ্ণ রাউত। তাঁর পাঁজরের হাড় ভেঙেছে বলে জানা গিয়েছে। নয়াগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ নিজের জমির সীমানায় বেড়া দেওয়ার কাজ করছিলেন কৃষ্ণ। সেই সময় রমেশ এবং তাঁর পরিবারের আরও তিন সদস্য সেখানে পৌঁছন। জমির সীমানা নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা বাধে। অভিযোগ, এরপরই কৃষ্ণকে মারধর করা হয়।

স্বামীর চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন তাঁর স্ত্রী বাসন্তী রাউত। অভিযোগ, তাঁকেও মারধর করা হয়। এমনকি শাড়ি খুলে দিয়ে তাঁর শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বাসন্তী। ঘটনায় কৃষ্ণ ও বাসন্তী দু’জনেই গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। কৃষ্ণের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাসন্তী রাউতের লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিট নাগাদ নয়াগ্রাম থানায় মামলা দায়ের করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৩২৯(৪), ১১৭(২), ১১৮(২), ১০৯(১), ৭৬ এবং ৩(৫) ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগের ভিত্তিতেই রমেশ রাউতকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় রমেশ-সহ মোট চার জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বুধবার ধৃত রমেশকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি। নিজেকে নির্দোষ বলেও দাবি করেন রমেশ।

জমির সীমানা সংক্রান্ত বিবাদ থেকেই এই ঘটনার সূত্রপাত, নাকি এর পিছনে কোনও রাজনৈতিক বিরোধ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande