
মালদা, ১৯ আগস্ট (হি.স.): বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বুধবার মালদা জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন দলের নেতারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি এবং দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়।
বিজেপি নেতৃত্বের দাবি, বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলির অধিকাংশই ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। তাঁদের দাবি, বন্ধ হয়ে থাকা জুট মিলগুলি পুনরায় চালু হয়েছে এবং রাজ্যে একাধিক নতুন শিল্প এসেছে। পাশাপাশি মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার, বাসে বিনামূল্যে যাতায়াত এবং গর্ভবতী মায়েদের ২১ হাজার টাকা আর্থিক সহায়তার মতো প্রকল্প চালু হয়েছে বলেও দাবি করেন তাঁরা।
উত্তরবঙ্গের উন্নয়নের ক্ষেত্রেও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। হিলি থেকে কোচবিহার পর্যন্ত নতুন রেল যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি বিজেপির। এর ফলে উত্তরবঙ্গের মানুষের যাতায়াতের সময় কমবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে বলে জানান নেতারা।
এছাড়াও উত্তরবঙ্গের বন্ধ চা-বাগানগুলি পুনরায় খোলার উদ্যোগ, এইমসের চিকিৎসা পরিষেবা এবং বড় বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন বিজেপি নেতৃত্ব। আগামী দিনে যুবক-যুবতীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং শ্রমিকদের নিজের জেলাতেই কাজের ব্যবস্থা হবে বলেও দাবি করেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়