
দুর্গাপুর, ১৯ আগস্ট(হি. স.): যাত্রিবাহী বাসে চুরি। বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরির অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। তাঁর কাছ থেকে প্রায় ১৫০ গ্রাম সোনার গহনা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোক-ওভেন থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম কল্যাণী বেদ। তিনি আসানসোলের হিরাপুর এলাকার বাসিন্দা। বুধবার তাঁকে ফের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন।
ঘটনার অভিযোগে জানা গিয়েছে, গত ১৪ আগস্ট দুর্গাপুরের রায়ডাঙার বাসিন্দা বানু শেখ মুচিপাড়া থেকে বাসে উঠে বাঁকুড়া মোড়ের দিকে যাচ্ছিলেন। তাঁর পাশেই এক মহিলা বসেছিলেন। বাঁকুড়া মোড়ে বাস থেকে নামার সময় বানু শেখ দেখতে পান, তাঁর ব্যাগ থেকে দুটি সোনার বালা উধাও হয়ে গিয়েছে।
এরপরই তিনি কোক-ওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। বাঁকুড়া মোড় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা অভিযুক্ত মহিলার সন্ধান পান। গত ১৬ আগস্ট আসানসোলের বানপুর-হিরাপুর এলাকা থেকে কল্যাণী বেদকে গ্রেফতার করা হয়।
পরদিন ধৃতকে আদালতে পেশ করা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর তাঁর কাছ থেকে চুরি যাওয়া প্রায় ১৫০ গ্রাম সোনার গহনা উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশি হেফাজত শেষে বুধবার ফের দুর্গাপুর মহকুমা আদালতে ধৃতকে পেশ করে কোক-ওভেন থানার পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা