
মুরাদাবাদ, ১৯ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডের কাশীপুরের ফিকা ব্যারাজ এবং বিজনৌরের খো ব্যারাজ থেকে জল ছাড়ার পর রামগঙ্গা নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। পরিস্থিতির কথা মাথায় রেখে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে জেলা প্রশাসন। তবে আপাতত রামগঙ্গা নদীর জলস্তর বিপদসীমার নিচেই রয়েছে।
বুধবার জেলা তথ্য দফতরের তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, মুরাদাবাদে রামগঙ্গা নদীর বর্তমান জলস্তর ১৮৮.৯৫ মিটার। নদীর বিপদসীমা ১৯০.৬০ মিটার। কাশীপুরের ফিকা ব্যারাজ থেকে ৯,৪৮৪ কিউসেক জল ছাড়া হয়েছে। এই জল ঢেলা নদী হয়ে রামগঙ্গায় এসে মিশবে। অন্যদিকে, বিজনৌর জেলার শেরগড় কোট এলাকার খো ব্যারাজ থেকে ৫০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এই জল বুধবার রামগঙ্গা নদীতে পৌঁছবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
বন্যা নিয়ন্ত্রণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাজেশ গঙ্গওয়ার জানান, খো ব্যারাজের জল বুধবার রামগঙ্গায় পৌঁছবে। তবে বর্তমানে নদীর জলস্তর বিপদসীমার নিচেই রয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস