
ঝাড়গ্রাম, ১৯ আগস্ট (হি.স.): রাজ্যে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তির পর ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখলেন দুই বিজেপি বিধায়ক। বুধবার সকালে ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ এবং বিনপুরের বিধায়ক তথা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সদস্য প্রণত টুডু যৌথভাবে হাসপাতালে যান।
হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলেন দুই বিধায়ক। চিকিৎসা পরিষেবা নিয়ে তাঁদের কোনও সমস্যা রয়েছে কি না, তাও জানতে চান তাঁরা।
হাসপাতাল পরিদর্শনের সময় পরিষেবা, পরিকাঠামো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন দুই বিধায়ক। হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন রাখা এবং রোগীরা যাতে যথাযথ পরিষেবা পেতে কোনও সমস্যায় না পড়েন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথাও জানান তাঁরা।
ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুধু ঝাড়গ্রাম জেলার মানুষই নন, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ও ওড়িশা থেকেও বহু রোগী চিকিৎসার জন্য আসেন। ফলে প্রতিদিনই হাসপাতালের উপর যথেষ্ট চাপ থাকে। রোগীর সংখ্যা ও চাপের কথা মাথায় রেখে হাসপাতালের বেডের সংখ্যা বাড়ানোর বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান দুই বিধায়ক।
এছাড়াও দূরদূরান্ত থেকে চিকিৎসার জন্য আসা রোগীদের পরিজনদের থাকার সমস্যা নিয়েও আলোচনা হয়। হাসপাতাল চত্বর বা সংলগ্ন এলাকায় রোগীর পরিবারের সদস্যদের জন্য উপযুক্ত থাকার ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তাঁরা।
বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন, “সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে। মানুষের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে কোথায় কী ধরনের সমস্যা রয়েছে, তা সরেজমিনে দেখতেই হাসপাতালে আসা হয়েছে। রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলে বেশ কিছু সমস্যার কথা জানা গিয়েছে। বেড বৃদ্ধি, পরিকাঠামোর উন্নয়ন এবং রোগীর পরিজনদের থাকার ব্যবস্থা-সহ একাধিক বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।”
উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য বলে জানান তিনি।
মেডিক্যাল কলেজের এক আধিকারিক জানান, হাসপাতালের পরিষেবা ও পরিস্থিতি খতিয়ে দেখতেই দুই বিধায়ক এসেছিলেন। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন।
সরকারের ১০০ দিন পূর্তির পর দুই বিধায়কের এই হাসপাতাল পরিদর্শনকে ঘিরে চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়ন নিয়ে নতুন করে আশার আলো দেখছেন রোগী ও তাঁদের পরিজনরা। আগামী দিনে আলোচনায় উঠে আসা সমস্যাগুলির কতটা সমাধান হয়, এখন সেটাই দেখার।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো