
আরামবাগ, ১৯ আগস্ট (হি.স.): হুগলির আরামবাগ বিধানসভার অন্তর্গত সালেপুর–১ গ্রাম পঞ্চায়েতের পশ্চিমপাড়া এলাকায় বুধবার সকালে বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে উপস্থিত হন আরামবাগ মহকুমা শাসক রবি কুমার মিনা। এলাকার জলমগ্ন পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন তিনি।
পরিস্থিতি খতিয়ে দেখতে মহকুমা শাসকের সঙ্গে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ। বন্যার জেরে সাধারণ মানুষের কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কোথায় জল জমেছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন—তা নিয়ে সরেজমিনে পর্যালোচনা করা হয়।
স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়েও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন দুই বিধায়ক। জলস্তর ও সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখার পাশাপাশি প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়।
টানা বৃষ্টি ও নদ-নদীর জলস্তর বৃদ্ধির জেরে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের এমন সরেজমিনে পরিদর্শন সাধারণ মানুষের মধ্যে কিছুটা আশ্বাস তৈরি করেছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA