ঘোষপুর ইউনিয়ন নেতাজী বিদ্যাপীঠে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য
আরামবাগ, ১৯ আগস্ট (হি.স.): বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে ঘোষপুর ইউনিয়ন নেতাজী বিদ্যাপীঠে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ঘটনায় হতবাক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী ও অভিভাবকরা। বিদ্যালয় সূত্রে
খানাকুলে স্কুলে চুরি


আরামবাগ, ১৯ আগস্ট (হি.স.): বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে ঘোষপুর ইউনিয়ন নেতাজী বিদ্যাপীঠে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ঘটনায় হতবাক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী ও অভিভাবকরা।

বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, হেড স্যারের কক্ষের তালা কাটা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে গ্যাস কাটার বা অনুরূপ সরঞ্জাম ব্যবহার করে তালা কাটার সন্দেহ করা হচ্ছে। এরপর মেইন অফিসের শিকল কেটে ভিতরে ঢুকে একাধিক আলমারি ভাঙচুর করা হয়। স্টাফরুমেও শিক্ষকদের ব্যক্তিগত লকার ভাঙার চিহ্ন মিলেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও ফাইলও এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিদ্যালয়ের কো-অপারেটিভ-এর আনুমানিক ১০ থেকে ১২ লক্ষ টাকা, ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের টাকা এবং শিক্ষকদের ব্যক্তিগত লকারে থাকা নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী চুরি হয়েছে বলে অভিযোগ। তবে চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্তের পরই প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট হবে বলে বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে।

একটি শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে তালা ও শিকল কেটে পরিকল্পিতভাবে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, ছাত্রছাত্রীদের অর্থ এবং শিক্ষকদের ব্যক্তিগত সম্পত্তি কীভাবে এত সহজে চোরেদের নাগালের মধ্যে এল, তা নিয়েও উঠছে প্রশ্ন।

ঘটনার খবর পেয়ে প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে চুরির ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং চুরি যাওয়া অর্থ ও সামগ্রী উদ্ধারের দাবি জানানো হয়েছে।

ঘোষপুর ইউনিয়ন নেতাজী বিদ্যাপীঠের মতো একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande