বালাঘাটে ২২ জন জনজাতি শিশুর মৃত্যু নিয়ে সরকারের বিরুদ্ধে সরব বিক্রান্ত ভুরিয়া, হস্টেলের নিরাপত্তা অডিটের দাবি
নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি. স.): মধ্যপ্রদেশের বালাঘাটে অপুষ্টি ও অসুস্থতার কারণে ২২ জন জনজাতি শিশুর মৃত্যু এবং মহারাষ্ট্রের গড়চিরোলিতে হস্টেলে সাপের কামড়ে তিন জনজাতি ছাত্রীর মৃত্যুর ঘটনায় সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন জনজাতি কংগ্রেসের সভাপত
বালাঘাটে ২২ জন জনজাতি শিশুর মৃত্যু নিয়ে সরকারের বিরুদ্ধে সরব বিক্রান্ত ভুরিয়া, হস্টেলের নিরাপত্তা অডিটের দাবি


নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি. স.): মধ্যপ্রদেশের বালাঘাটে অপুষ্টি ও অসুস্থতার কারণে ২২ জন জনজাতি শিশুর মৃত্যু এবং মহারাষ্ট্রের গড়চিরোলিতে হস্টেলে সাপের কামড়ে তিন জনজাতি ছাত্রীর মৃত্যুর ঘটনায় সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন জনজাতি কংগ্রেসের সভাপতি বিক্রান্ত ভুরিয়া। দুটি ঘটনার তদন্তে বিশেষ কমিটি গঠন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং সমস্ত জনজাতি হস্টেলের নিরাপত্তা অডিটের দাবি জানিয়েছেন তিনি।

সোমবার নয়াদিল্লিতে কংগ্রেস সদর দফতরে সাংবাদিক বৈঠকে ভুরিয়া বলেন, বালাঘাটে মৃত ২২ জন শিশু ব্যাগা জনজাতি সম্প্রদায়ের। তাঁর দাবি, সংশ্লিষ্ট এলাকায় গত ছ’মাস ধরে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া পুষ্টিকর খাবার বন্ধ রয়েছে। সবচেয়ে কাছের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটিও প্রায় ২০ কিলোমিটার দূরে।

তিনি জানান, সরকারি আধিকারিকদের তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় ৮০ শতাংশেরও কম টিকাকরণ হয়েছে। বনাধিকার আইনে পাওয়ার কথা থাকা জমির পাট্টাও বাতিল করা হয়েছে বলে দাবি করেন তিনি। শিশুদের মৃত্যুর পর প্রতিটি পরিবারকে মাত্র ২০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন ভুরিয়া। তাঁর বক্তব্য, এর দায় ব্যবস্থার উপরই বর্তায়।

মধ্যপ্রদেশ বিধানসভায় করা একটি প্রশ্নের উল্লেখ করে ভুরিয়া বলেন, সরকারের তথ্য অনুযায়ী অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য প্রতিদিন মাত্র ১২ টাকা করে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হয়। আদিবাসী এলাকায় এই প্রকল্পের জন্য পৃথক বাজেটের ব্যবস্থাও নেই বলে অভিযোগ করেন তিনি। গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা ও পুষ্টির জন্যও মাত্র ৯৮০ টাকা খরচ করা হয় বলে দাবি তাঁর।

মহারাষ্ট্রের গড়চিরোলির একটি জনজাতি হস্টেলে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তিন ছাত্রীর মৃত্যুর ঘটনাও তুলে ধরেন ভুরিয়া। তাঁর অভিযোগ, হস্টেলে পর্যাপ্ত বিছানার ব্যবস্থা ছিল না। একটি ঘরে ৭০ জনেরও বেশি ছাত্রী মেঝেতে ঘুমোতেন। সাপের কামড়ে ছ’জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হলেও তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়।

ভুরিয়া আরও বলেন, গত দু’বছরে মহারাষ্ট্রের বিভিন্ন জনজাতি হস্টেলে শিশু মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে। নাসিকেও জনজাতি হস্টেলের পরিস্থিতির উন্নতির দাবিতে ছাত্রদের আন্দোলনের কথা উল্লেখ করেন তিনি।

দুই ঘটনারই বিশেষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুরিয়া। একই সঙ্গে সমস্ত জনজাতি হস্টেলের নিরাপত্তা অডিট করার দাবি জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করা প্রয়োজন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande