
নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি. স.): ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ওনো কেইচি সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ করেন। বৈঠকে ভারত-জাপান সম্পর্ক আরও শক্তিশালী করা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে নীতিন নবীন জাপানের রাষ্ট্রদূতকে বিজেপির সাংগঠনিক যাত্রা, তৃণমূল স্তরে দলের কাঠামো এবং কাজের ধরন সম্পর্কে অবহিত করেন।
ভারত-জাপান সম্পর্ক নিয়ে আলোচনার সময় নবীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি বলেন, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত গভীরতা দেওয়ার পাশাপাশি নতুন গতি সঞ্চারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
মে মাসে তাকায়ুকি কোবায়াশির নেতৃত্বে ভারতে আসা জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধিদলের সঙ্গে তাঁর সাক্ষাতের কথাও উল্লেখ করেন নবীন।
ভারতের উন্নয়নে জাপানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বিজেপি সভাপতি মুম্বই-আমদাবাদ হাই-স্পিড রেল প্রকল্পের উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে পরিকাঠামো, ডিজিটাল ক্ষেত্র, উৎপাদন, সামাজিক উন্নয়ন এবং অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে হওয়া পরিবর্তন সম্পর্কেও জাপানের রাষ্ট্রদূতকে অবহিত করেন তিনি।
রাষ্ট্রদূত ওনো কেইচি বিভিন্ন ক্ষেত্রে ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে জাপানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
বৈঠকে ২০২৭ সালে ভারত ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫ বছর পূর্ণ হওয়ার বিষয়টির গুরুত্ব নিয়েও আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও গভীর করার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন দু’পক্ষ।
সাক্ষাৎকালে বিজেপির বিদেশ বিষয়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ড. বিজয় চৌথাইওয়ালেও উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য