চিকিৎসা সরঞ্জামের নিয়মে বদল, আউটসোর্স স্টেরিলাইজেশনে আলাদা লাইসেন্সের প্রয়োজন নেই
নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): চিকিৎসা সরঞ্জাম শিল্পে ব্যবসা সহজ করতে মেডিক্যাল ডিভাইসেস রুলস, ২০১৭-এ সংশোধন করল কেন্দ্র। নিয়ন্ত্রক প্রক্রিয়া সরল করা, নিয়ম মেনে চলার বোঝা কমানো এবং উন্নত চিকিৎসা সরঞ্জাম দেশে দ্রুত পৌঁছে দেওয়াই এই পরিবর্তনের লক্ষ্য।
চিকিৎসা সরঞ্জামের নিয়মে বদল, আউটসোর্স স্টেরিলাইজেশনে আলাদা লাইসেন্সের প্রয়োজন নেই


নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): চিকিৎসা সরঞ্জাম শিল্পে ব্যবসা সহজ করতে মেডিক্যাল ডিভাইসেস রুলস, ২০১৭-এ সংশোধন করল কেন্দ্র। নিয়ন্ত্রক প্রক্রিয়া সরল করা, নিয়ম মেনে চলার বোঝা কমানো এবং উন্নত চিকিৎসা সরঞ্জাম দেশে দ্রুত পৌঁছে দেওয়াই এই পরিবর্তনের লক্ষ্য।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, সংশোধিত নিয়ম অনুযায়ী কোনও প্রস্তুতকারক সংস্থা নিজের পণ্য স্টেরিলাইজেশন অর্থাৎ চিকিৎসা সরঞ্জাম বা অন্যান্য সামগ্রীকে জীবাণুমুক্ত করার জন্য আগে থেকেই বৈধ লাইসেন্সপ্রাপ্ত কোনও বাইরের সংস্থার পরিষেবা নিলে, তার জন্য আলাদা ঋণ লাইসেন্স নেওয়ার প্রয়োজন হবে না।

এর ফলে একই কাজের জন্য বারবার লাইসেন্স নেওয়ার প্রক্রিয়া, প্রশাসনিক বোঝা, নিয়ম মেনে চলার খরচ এবং প্রয়োজনীয় সময় কমবে বলে আশা করছে কেন্দ্র। বিশেষ করে যেসব প্রস্তুতকারক সংস্থার নিজস্ব স্টেরিলাইজেশন ব্যবস্থা নেই, তারা এই পরিবর্তনের ফলে উপকৃত হবে।

সংশোধিত নিয়মে নতুন লেবেল সংক্রান্ত বিধি কার্যকর করার জন্য ছ’মাসের একটি অন্তর্বর্তী সময়ও দেওয়া হয়েছে। এই সময়ে প্রস্তুতকারক সংস্থাগুলি লেবেল, প্যাকেজিং এবং সংশ্লিষ্ট প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন করতে পারবে।

এছাড়াও, মন্ত্রক মেডিক্যাল ডিভাইসেস রুলসের ৬৩ নম্বর নিয়মে পরিবর্তন করেছে। এর ফলে ইউরোপীয় ইউনিয়নকে স্বীকৃত কঠোর নিয়ন্ত্রক ব্যবস্থার আওতাভুক্ত অঞ্চলের তালিকায় যুক্ত করা হয়েছে। এর ফলে ইউরোপীয় ইউনিয়নে ইতিমধ্যে অনুমোদিত যোগ্য চিকিৎসা সরঞ্জামগুলি ভারতে ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনের নির্দিষ্ট প্রয়োজনীয়তা থেকে ছাড় পাওয়ার সুযোগ পাবে। এতদিন এই তালিকায় আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান ছিল।

সরকারের দাবি, এই পরিবর্তনের ফলে গুণমান, নিরাপত্তা এবং কার্যকারিতা সংক্রান্ত নিয়ন্ত্রক মান বজায় রেখেই দেশে উন্নত ও উদ্ভাবনী চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা দ্রুত বাড়বে।

মন্ত্রকের মতে, এই সংস্কারের ফলে চিকিৎসা সরঞ্জাম শিল্পে স্বচ্ছতা, নিয়ন্ত্রক ব্যবস্থার পূর্বানুমানযোগ্যতা এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ার পাশাপাশি ব্যবসার পরিবেশও আরও সহজ হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande