
নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): জুন মাসে ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সংবাদমাধ্যমের প্রশ্ন না নেওয়ার অনুরোধ করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্টের অপ্রত্যাশিত আচরণের কথা মাথায় রেখেই ওই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ভারত সরকার।
এই বিষয়ে সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে সরকারের উচ্চপদস্থ সূত্রগুলি জানায়, বিদেশ মন্ত্রকের ওই অনুরোধ ছিল একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। কোনও অতিবিশিষ্ট ব্যক্তি (ভিভিআইপি)-র সফরের আগে দুই নেতার প্রকাশ্য উপস্থিতি কীভাবে হবে, তা নিয়ে আলোচনা করা স্বাভাবিক প্রক্রিয়া। সেই অনুযায়ী ভারতীয় পক্ষও এ ধরনের সফরের ক্ষেত্রে নিজেদের নিয়মিত প্রক্রিয়া সম্পর্কে আমেরিকান পক্ষকে জানিয়েছিল।
সরকারি সূত্রের বক্তব্য, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় ভারতীয় প্রতিনিধিদল তাঁর অপ্রত্যাশিত আচরণের বিষয়ে সতর্ক থাকে। দক্ষিণ আফ্রিকা ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে ট্রাম্পের কথোপকথনের সময়ও তাঁর এমন আচরণ দেখা গিয়েছে বলে সূত্রের দাবি। সেই কারণেই ভারতীয় পক্ষ সতর্কতামূলক অবস্থান নিয়েছিল।
উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সম্প্রতি এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে দাবি করেন, ১৭ জুন ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের সময় ভারতীয় বিদেশ মন্ত্রক সংবাদমাধ্যমের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব ছাড়া কথা বলার অনুরোধ জানিয়েছিল। তবে রাষ্ট্রদূতের দাবি, ট্রাম্প ওই অনুরোধ উপেক্ষা করে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য