
কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রকের উদ্যোগে খেলো ইন্ডিয়া ডায়লগ কর্মসূচী সারা দেশের সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ে পালিত হয়। কলেজের অধ্যক্ষ, ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ক্রীড়া ক্ষেত্রে উৎসাহ বাড়াতে ও ক্রীড়াক্ষেত্রের উন্নতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ভার্চুয়াল মাধ্যমে ক্রীড়াবিদদের সঙ্গে আলাপচারিতায় অংশগ্রহণ করেন।
আবার বেহালা সরশুনা কলেজে অনুষ্ঠিত হয় ‘খেল কি বাত, পিএম কি সাথ’ কর্মসূচি। এদিন কলেজ প্রাঙ্গণে প্রজেক্টারের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শোনানোর ব্যবস্থা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ। পাশাপাশি উপস্থিত ছিলেন মাই ভারত-এর আধিকারিকরা। ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এদিন জাতীয় স্তরের ক্রীড়া ব্যক্তিত্ব বাসন্তী মাহাতোকে সংবর্ধিত করা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'খেলে কি বাত' এবং 'খেলো ইন্ডিয়া' কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা দেখা যায় আসানসোলের ঐতিহ্যবাহী বানওয়ারিলাল ভালোটিয়া (বি বি) কলেজে। সারাদেশের নির্বাচিত ১৬০০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের এই কলেজটি সুযোগ পায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করার। অন্যদিকে, 'খেলো ইন্ডিয়া ডায়ালগ' কর্মসূচিতে অংশগ্রহণ করে পূর্ব মেদিনীপুর জেলার মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ