
হাফলং (অসম), ২৮ আগস্ট (হি.স.) :প্রায় তিন সপ্তাহ ধরে বন্ধ গুয়াহাটি–শিলচর এক্সপ্রেস এবং শিলচর–গুয়াহাটি এক্সপ্রেস। গুরুত্বপূর্ণ এই দৈনিক ট্রেন পরিষেবা দ্রুত পুনরায় চালুর দাবিতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি প্রদান করেন প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবার। একই সঙ্গে ট্রেন দুটি ভবিষ্যতে স্থায়ী ভাবে বন্ধ হয়ে যেতে পারে—এমন আশঙ্কায় উদ্বেগ ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। ডিমা হাসাও ও বরাক উপত্যকার মানুষের কাছে এই ট্রেন অন্যতম সস্তা ও নির্ভরযোগ্য যাতায়াতের মাধ্যম। বিশেষ করে পাহাড়ি জেলার দরিদ্র ও প্রান্তিক পরিবার, পড়ুয়া, রোগী, ছোট ব্যবসায়ী এবং অর্থনৈতিক ভাবে দুর্বল মানুষজন গুয়াহাটি, শিলচর-সহ বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য এই রেল পরিষেবার উপর নির্ভরশীল। ভৌগোলিক ভাবে দুর্গম ডিমা হাসাওয়ে রেল যোগাযোগ শুধু যাতায়াতের মাধ্যম নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডেরও অন্যতম ভরসা। ট্রেনটি স্থায়ী ভাবে বন্ধ হয়ে গেলে বিকল্প পরিবহণের অতিরিক্ত খরচ বহন করা সাধারণ মানুষের পক্ষে কঠিন হবে। বিশেষ করে ছোট ব্যবসায়ী ও দরিদ্র পরিবারগুলির উপর এর প্রভাব পড়বে সবচেয়ে বেশি। ডিমা হাসাওয়ের মধ্য দিয়ে চলা রেল পরিষেবা পাহাড়ি জেলা, বরাক উপত্যকা এবং গুয়াহাটির মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগের জীবনরেখা। এই যোগাযোগ ব্যবস্থা গোটা অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বৃহত্তর জনস্বার্থে গুয়াহাটি–শিলচর–গুয়াহাটি এক্সপ্রেস দ্রুত পুনরায় চালু করার পাশাপাশি দৈনিক পরিষেবা অব্যাহত রাখার দাবি জানানো হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে এবং কেন্দ্রীয় সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন সমরজিৎ হাফলংবার।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব